সারাদেশে ৫৬ জন দীর্ঘমেয়াদি ও ৯০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক মোতায়েন করবে ইইউ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ১৭ জানুয়ারি থেকে ইউরোপীয় ইউনিয়নের ৫৬ জন দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক মাঠে কাজ শুরু করবেন; নির্বাচনের সময় যুক্ত হবেন আরও ৯০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোট পর্যবেক্ষণে ১৭ জানুয়ারি থেকে সারাদেশে মাঠে নামছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর নির্বাচন পর্যবেক্ষক দল। ইইউ তাদের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের আওতায় ৫৬ জন দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক বিভিন্ন অঞ্চলে মোতায়েন করবে।
মঙ্গলবার বিকেলে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রীয়াজ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে আসা ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধিরা। সাক্ষাৎকালে ইইউ প্রতিনিধিরা মিশনের কাঠামো, দায়িত্ব ও কার্যপরিধি সম্পর্কে অবহিত করেন।
বৈঠকে ইইউ ইলেকশন অবজারভেশন মিশনের পলিটিক্যাল অ্যানালিস্ট মারসেল নেগি এবং ইলেকশন অ্যানালিস্ট ভাসিল ভাসচেনকা উপস্থিত ছিলেন। তারা জানান, দীর্ঘমেয়াদি পর্যবেক্ষকেরা নিজ নিজ এলাকায় নির্বাচনী প্রস্তুতি ও প্রক্রিয়া পর্যবেক্ষণ করে মূল দলের কাছে নিয়মিত প্রতিবেদন দেবেন।
এছাড়া নির্বাচনের আগে ভোটগ্রহণ, ভোট গণনা ও ফলাফল ঘোষণার প্রক্রিয়া পর্যবেক্ষণে আরও ৯০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক মিশনে যুক্ত হবেন। ইউরোপীয় ইউনিয়নের নির্ধারিত পর্যবেক্ষণ পদ্ধতি অনুসরণ করে পুরো নির্বাচনী প্রক্রিয়ার একটি তথ্যভিত্তিক, সামগ্রিক ও নিরপেক্ষ মূল্যায়ন তুলে ধরা হবে বলে জানান ইইউ প্রতিনিধিরা।
নির্বাচন শেষে আগামী ১৪ ফেব্রুয়ারি ইইউ তাদের প্রাথমিক পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ করবে এবং এ উপলক্ষে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করবে বলেও জানানো হয়।
এ সময় অধ্যাপক আলী রীয়াজ বলেন, নির্বাচন পর্যবেক্ষণ কার্যক্রমে ইইউ মিশনকে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে। তিনি আশা প্রকাশ করেন, এই পর্যবেক্ষণ প্রক্রিয়া নির্বাচনকে আরও স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য করতে সহায়ক হবে।
















