‘তোমাকেই চাই’ ক্যাপশনে তোলপাড়; নেটিজেনদের প্রশ্ন—নাটকের গল্প নাকি বাস্তব?
ছোট পর্দার জনপ্রিয় তারকা জুটি কেয়া পায়েল ও খায়রুল বাসারের অনস্ক্রিন রসায়ন এবার পর্দার সীমা ছাড়িয়ে বাস্তব জীবনের গুঞ্জনে রূপ নিয়েছে। সম্প্রতি কেয়া পায়েলের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে তুমুল আলোচনা।
সোমবার (১২ জানুয়ারি) কেয়া পায়েল তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমে খায়রুল বাসারের সঙ্গে একটি হাসিখুশি ছবি শেয়ার করেন। তবে আলোচনার মূল কারণ ছিল ছবিটির ক্যাপশন, যেখানে তিনি লিখেছেন— “যদি সত্যিই জানতে চাও, তোমাকেই চাই।” এই এক লাইনের বার্তার পর ভক্তদের মনে প্রশ্ন জেগেছে, এটি কি কোনো আসন্ন নাটকের প্রচার নাকি তাঁদের সম্পর্কের আনুষ্ঠানিক ইঙ্গিত?
বর্তমানে এই জুটি মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’-এ অভিনয় করছেন। জনপ্রিয় পাকিস্তানি নাটক ‘কাভি মে কাভি তুম’ থেকে অনুপ্রাণিত এই ধারাবাহিকে তাঁদের রসায়ন দর্শকদের দারুণ প্রশংসা কুড়াচ্ছে। ফলে অনেক ভক্ত মনে করছেন, পোস্টটি মূলত নাটকের প্রচারেরই অংশ। তবে ছোট পর্দার এই দুই প্রিয় মুখের পর্দার প্রেম বাস্তবে রূপ নিচ্ছে কি না, তা নিয়ে সরগরম বিনোদন পাড়া। এখন পর্যন্ত দুই তারকার কেউই এই গুঞ্জন নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি।
















