কয়রার কাগাদোবেকিতে ৪ হাজার মিটার শিকারের ফাঁদ উদ্ধার
কোস্ট গার্ডের অভিযানে শিকারিরা পালালেও বিপুল পরিমাণ অবৈধ মাংস ও ফাঁদ জব্দ
সুন্দরবনের কাগাদোবেকি এলাকায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ১০০ কেজি হরিণের মাংস এবং প্রায় ৪ হাজার মিটার হরিণ ধরার ফাঁদ জব্দ করা হয়েছে।
কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. মুনতাসীর ইবনে মহসিন জানান, সোমবার (১২ জানুয়ারি) বিকেল ৪টার দিকে খুলনার কয়রা থানাধীন সুন্দরবনের ঘোলের খাল সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে শিকারিরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অবৈধভাবে শিকার করা হরিণের মাংস ও ফাঁদ উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড জানিয়েছে, জব্দ করা মাংস ও ফাঁদ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কাগাদোবেকি ফরেস্ট টহল ফাঁড়ির কাছে হস্তান্তর করা হয়েছে।
















