২১১ থেকে ২৮০ নম্বর আপিলের ওপর শুনানি; তিন দিনে মোট ১৫০ জন বৈধ প্রার্থী হিসেবে ঘোষিত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিল আবেদনের শুনানির আজ চতুর্থ দিন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে রাজধানীর আগারগাঁওয়স্থ নির্বাচন ভবনের অডিটোরিয়ামে এই শুনানি কার্যক্রম শুরু হয়েছে, যা চলবে বিকেল ৫টা পর্যন্ত।
নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, আজকের কার্য তালিকায় ২১১ থেকে ২৮০ নম্বর পর্যন্ত মোট ৭০টি আপিল আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে পূর্ণাঙ্গ কমিশন এই শুনানি গ্রহণ করছেন। এর আগে গত তিন দিনে মোট ১৫০ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। সোমবার (১২ জানুয়ারি) তৃতীয় দিনের শুনানিতে ৭১টি আপিলের মধ্যে ৪১ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন, ২৫ জনের আবেদন নামঞ্জুর হয়েছে এবং ৪টি আবেদন স্থগিত রাখা হয়েছে। প্রথম দিনে ৫১ জন এবং দ্বিতীয় দিনে ৫৮ জন প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়েছিল।
সংশোধিত নির্বাচনী তফসিল অনুযায়ী, আপিল শুনানি চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত। এরপর ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ২১ জানুয়ারি প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হবে। প্রতীক পাওয়ার পর ২২ জানুয়ারি থেকে প্রার্থীরা প্রচারণায় নামতে পারবেন, যা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। চূড়ান্তভাবে ১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
















