ইনকিলাব মঞ্চের মুখপাত্রের হত্যাকাণ্ডে তিন আইনজীবী নিয়োগ দিয়েছে রাষ্ট্রপক্ষ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলার চার্জশিট (অভিযোগপত্র) দাখিলের জন্য আগামী ১৫ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।
সোমবার (১২ জানুয়ারি) দুপুরে আদালত এ আদেশ দেন। চাঞ্চল্যকর এই মামলায় ন্যায়বিচার নিশ্চিত করতে রাষ্ট্রপক্ষ থেকে ইতোমধ্যে তিনজন অভিজ্ঞ আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর ২০২৫ তারিখে রাজধানীর বিজয়নগর এলাকায় মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত শরীফ ওসমান হাদিকে লক্ষ্য করে মাথায় গুলি চালিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে পরিবারের সিদ্ধান্তে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হলেও ১৮ ডিসেম্বর সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এই হত্যাকাণ্ড দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এবং দ্রুত বিচার নিশ্চিত করতে রাজপথে বিক্ষোভ করেছে ইনকিলাব মঞ্চসহ বিভিন্ন ছাত্র-জনতা।
















