শহীদ ওসমান হাদির স্বপ্ন বাস্তবায়নে ইনসাফের বাংলাদেশ গড়ার ডাক
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জামায়াত সমর্থিত এনসিপি জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ হুশিয়ারি দিয়ে বলেছেন যে, সাধারণ মানুষের জাগরণে চাঁদাবাজদের ‘গদি’ নড়বড়ে হয়ে গেছে এবং তাদের ঘুম হারাম হয়ে গেছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলার গুনাইঘর এলাকায় আয়োজিত ‘আগ্রাসনবিরোধী পদযাত্রা’ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। হাসনাত আবদুল্লাহ বলেন, শহীদ ওসমান হাদির আদর্শ ও সততার রাজনীতি সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। মানুষ এখন সুশাসন ও ইনসাফ চায়। তিনি বড় মাছের উদাহরণ টেনে বলেন, দুর্নীতিবাজ ও হোমরা-চোমরাদের সময় শেষ হয়ে আসছে, তাই তারা এখন নিজেরা নিজেদের মধ্যেই ‘কামড়াকামড়ি’ শুরু করেছে। দেবিদ্বারের মানুষ ইতিবাচক পরিবর্তনের পক্ষে ঐক্যবদ্ধ হয়েছে দেখেই স্বার্থান্বেষী মহল এখন ভয়ভীতি দেখাচ্ছে, কিন্তু কোনো ষড়যন্ত্রই জনগণকে দমাতে পারবে না।
বক্তব্যে তিনি ইনকিলাব মঞ্চের প্রয়াত সংগঠক ওসমান হাদির স্মৃতিচারণ করে বলেন, হাদি ভাই কোনো মেকি অভিনয় বা লুটপাটের রাজনীতি করেননি। সততাই ছিল তার একমাত্র আদর্শ এবং সেই আদর্শের কারণেই তাকে জীবন দিতে হয়েছে। তিনি অভিযোগ করেন যে, একটি নির্দিষ্ট গোষ্ঠীর এজেন্টরা এতদিন দেশকে পরাধীন করে রেখেছিল, কিন্তু এখন জনগণ আজাদি বা স্বাধীনতার পক্ষে রায় দিতে প্রস্তুত। হাসনাত আবদুল্লাহ আসন্ন নির্বাচনে এনসিপি-র প্রতীক ‘শাপলা কলি’ মার্কায় ভোট চেয়ে দেবিদ্বার থেকে দুর্নীতি, মাদক সিন্ডিকেট এবং মাটির দস্যুদের নির্মূল করার অঙ্গীকার করেন। পদযাত্রায় স্থানীয় জামায়াতে ইসলামী ও এনসিপি-র বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ ভোটাররা অংশগ্রহণ করেন।
















