গ্রাহকদের আস্থা, একই সময়ে জমা পড়েছে ৪৪ কোটি টাকা
নতুন করে যাত্রা শুরু করা সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে সাবেক পাঁচ ব্যাংকের গ্রাহকরা দুই দিনে ১০৭ কোটি ৭৭ লাখ টাকা উত্তোলন করেছেন। একই সময়ে জমা পড়েছে ৪৪ কোটি ৯ লাখ টাকা।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর সোমবার জরুরি সংবাদ সম্মেলনে জানান, সম্মিলিত ইসলামী ব্যাংক লেনদেন শুরু করার পর দুই দিনে মোট ১৩ হাজার ৩১৪ জন গ্রাহক টাকা উত্তোলন করেছেন। তবে প্রত্যাশার তুলনায় উত্তোলনের পরিমাণ কম হওয়ায় এটিকে ইতিবাচক লক্ষণ হিসেবে দেখা হচ্ছে।
গ্রাহক আমানতের চিত্র
- ৯৫ শতাংশ গ্রাহকের আমানত দুই লাখ টাকার নিচে।
- বাকি ৫ শতাংশ গ্রাহকের আমানত মোট আমানতের ৯৫ শতাংশ।
- দুই লাখ টাকা পর্যন্ত আমানতকারীরা সরাসরি তুলতে পারছেন।
- বড় আমানতকারীরা মেয়াদের আগে চাইলে মোট টাকার ২০ শতাংশ ঋণ নিতে পারবেন, তবে বাজারদর হারে সুদ দিতে হবে।
- ক্যানসার আক্রান্ত ও কিডনি বিকল রোগীরা আবেদন করে পুরো টাকায় উত্তোলন করতে পারবেন।
চ্যালেঞ্জ ও পরিকল্পনা
গভর্নর বলেন, বড় চ্যালেঞ্জ হলো রপ্তানি বাড়ানো। একীভূত ব্যাংকের গ্রাহকরা কিছুদিন ঋণপত্র খুলতে পারেননি, এখন তারা যাতে আগের মতো ঋণপত্র খুলতে পারেন সেই ব্যবস্থা করা হবে।
তিনি আরও জানান, ব্যাংক কাউকে ছাঁটাই করবে না। তবে ফরেনসিক অডিট শুরু হয়েছে, অনিয়ম প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।
কর্মীদের বেতন
পাঁচটি ব্যাংক বেসরকারিভাবে পরিচালিত হবে। কর্মীদের বেতন ইউনিফাইড করা হবে—কোনো ব্যাংকের বেতন বাড়তে পারে, আবার কিছু ব্যাংকের কমতেও পারে।
সংবাদ সম্মেলনে নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আরিফ হোসেন খান, একীভূত হওয়া পাঁচ ব্যাংকের প্রশাসকসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
















