জ্বালানি, পরিবহন, ব্যাংকিং সংস্কার ও জলবায়ু স্থিতিস্থাপকতায় অগ্রাধিকার
এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ২০২৫ সালের কর্মসূচিতে বাংলাদেশকে নতুন করে ২.৫৭ বিলিয়ন ডলার অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩১ হাজার ৪৯৫ কোটি টাকা।
এডিবি জানিয়েছে, এই অর্থায়ন কক্সবাজারে জ্বালানি, পরিবহন, ব্যাংকিং সংস্কার, নগর পরিষেবা, জলবায়ু স্থিতিস্থাপকতা, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (এসএমই) এবং জীবিকা ও পরিষেবার উন্নয়নে অগ্রাধিকারমূলক বিনিয়োগে ব্যবহার করা হবে।
এডিবির কান্ট্রি ডিরেক্টর হো ইউন জিওং বলেন, “এই গুরুত্বপূর্ণ পরিবর্তনের সময়ে বাংলাদেশের অগ্রাধিকারগুলোকে সমর্থন করার জন্য আমরা গর্বের সঙ্গে আমাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি। বৈশ্বিক চ্যালেঞ্জিং পরিস্থিতি সত্ত্বেও আমরা বাংলাদেশের সঙ্গে স্থায়ী অংশীদারত্ব বজায় রাখতে চাই।”
তিনি আরও বলেন, ২০২৫ সালের প্রতিশ্রুতিগুলো অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এবং অন্যান্য সরকারি মন্ত্রণালয় ও সংস্থার সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতায় অর্থনৈতিক বৈচিত্র্য, উন্নত অবকাঠামো ও পরিষেবা এবং মানব উন্নয়নে যৌথ মনোযোগের ওপর জোর দেয়।
















