মনোনয়নপত্র গ্রহণ বা বাতিল আদেশের বিরুদ্ধে ইসিতে আপিলের সুযোগ ৫–৯ জানুয়ারি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র গ্রহণ ও বাতিল আদেশের বিরুদ্ধে আজ থেকে নির্বাচন কমিশনে আপিল করা যাবে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র গ্রহণ ও বাতিল আদেশের বিরুদ্ধে সোমবার (৫ জানুয়ারি) থেকে নির্বাচন কমিশনে (ইসি) আপিল শুরু হয়েছে। আপিল গ্রহণ চলবে ৯ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত।
ইসি জানিয়েছে, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কাজ শেষ হয়েছে রোববার বিকেল ৫টায়। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আপিল গ্রহণের জন্য কেন্দ্র স্থাপন করা হয়েছে। সেখানে অঞ্চলভিত্তিক ১০টি বুথে আপিল জমা দেওয়া যাবে।
অঞ্চলভিত্তিক বুথসমূহ:
- খুলনা অঞ্চল: মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর, মাগুরা, নড়াইল, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা
- রাজশাহী অঞ্চল: জয়পুরহাট, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ, পাবনা
- রংপুর অঞ্চল: পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা
- চট্টগ্রাম অঞ্চল: চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান
- কুমিল্লা অঞ্চল: ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর
- সিলেট অঞ্চল: সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ
- ঢাকা অঞ্চল: টাংগাইল, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, ঢাকা, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ
- ময়মনসিংহ অঞ্চল: জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোণা
- বরিশাল অঞ্চল: বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর
- ফরিদপুর অঞ্চল: রাজবাড়ী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর
আপিল প্রক্রিয়া:
- নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।
- মনোনয়নপত্র গ্রহণ বা বাতিলের তারিখ, কারণসহ বিবৃতি এবং আদেশের সত্যায়িত কপি জমা দিতে হবে।
- একটি মূলকপি ও মোট ৭টি কপি জমা দিতে হবে।
- আপিলকারী বা তার মনোনীত প্রতিনিধি রায়ের কপি সংগ্রহ করতে পারবেন।
নির্বাচন কমিশন জানিয়েছে, দাখিলকৃত আপিল আগামী ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারির মধ্যে নিষ্পত্তি করা হবে।
















