দেশজুড়ে নিরাপত্তা জোরদারে অবৈধ অস্ত্রবিরোধী অভিযানে বড় সাফল্য
অবৈধ অস্ত্র নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশজুড়ে চলমান যৌথ বাহিনীর অভিযানে মাত্র ২১ দিনে ২১৬টি অবৈধ অস্ত্র উদ্ধার এবং ৯২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশব্যাপী অবৈধ অস্ত্র উদ্ধারে পরিচালিত যৌথ বাহিনীর অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযানের ২১ দিনে বিভিন্ন জেলা থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয় এবং অস্ত্র কারবারের সঙ্গে জড়িত ৯২ জনকে আটক করা হয়েছে।
উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে— ১১টি রিভলভার, ৬২টি পিস্তল, ১৩টি রাইফেল, ২৮টি শটগান, ৬টি পাইপগান, ২৩টি শুটারগান, ২০টি এলজি, ৩১টি বন্দুক, একটি একে–৪৭, দুটি গ্যাসগান, একটি চাইনিজ রাইফেল, চারটি এয়ারগান, দুটি টিয়ার গ্যাস লঞ্চার, পাঁচটি এসএমজি, পাঁচটি এসবিবিএল এবং দুটি থ্রি-কোয়ার্টার।
এই অভিযানে অংশ নিচ্ছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী, বাংলাদেশ পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বাংলাদেশ কোস্ট গার্ড এবং র্যাব।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, দেশব্যাপী অবৈধ অস্ত্রের বিস্তার রোধ এবং সন্ত্রাস দমনের লক্ষ্যে গত ৪ সেপ্টেম্বর ২০২৪ থেকে যৌথ বাহিনীর এই অভিযান শুরু হয়। অভিযান চলমান থাকবে এবং অবৈধ অস্ত্র ও অপরাধীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
















