ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সামনে রেখে দেশব্যাপী ভোটার উদ্বুদ্ধকরণ কার্যক্রম
আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটারদের অংশগ্রহণ বাড়াতে আজ থেকে ‘ভোটের গাড়ি’ নামের বিশেষ সচেতনতামূলক প্রচার কার্যক্রম শুরু হচ্ছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করার লক্ষ্যে ‘ভোটের গাড়ি’ প্রচার কার্যক্রম আজ সোমবার (২২ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে।
জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আজ বিকাল সাড়ে ৪টায় ভিডিও বার্তার মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। রবিবার (২১ ডিসেম্বর) প্রকাশিত এক সংশোধিত তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ‘ভোটের গাড়ি’ কর্মসূচির মাধ্যমে দেশব্যাপী ভোটারদের ভোটাধিকার, নির্বাচন পদ্ধতি ও গণতান্ত্রিক অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হবে। প্রচার অভিযানের মাধ্যমে তরুণ ভোটারসহ সব শ্রেণির নাগরিককে ভোটমুখী করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সরকার আশা করছে, এই উদ্যোগ ভোটার উপস্থিতি বাড়াতে এবং আসন্ন নির্বাচন ও গণভোটকে আরও অংশগ্রহণমূলক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
















