ঢাকা সেনানিবাসে রাষ্ট্রীয় সম্মানে ছয় শহীদ শান্তিরক্ষীর শেষ বিদায়
সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে শহীদ হওয়া বাংলাদেশের ছয়জন শান্তিরক্ষীর নামাজে জানাজা ঢাকার সেনানিবাসস্থ কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে শহীদদের প্রতি রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হয়।
সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে শাহাদাতবরণকারী ছয়জন বাংলাদেশি শান্তিরক্ষীর নামাজে জানাজা আজ রোববার ঢাকার সেনানিবাসস্থ কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হয়। জানাজায় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম. নাজমুল হাসান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনসহ সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ ছাড়া জানাজায় বিভিন্ন পদমর্যাদার সামরিক সদস্য, বেসামরিক কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরাও অংশগ্রহণ করেন। জানাজার আগে শহীদ শান্তিরক্ষীদের জীবনবৃত্তান্ত পাঠ করে শোনানো হয় এবং তাদের নিকট আত্মীয়রা বক্তব্য রাখেন।

এরপর জাতিসংঘ মহাসচিবের পক্ষে ইউনিসফার চিফ কমিউনিটি লিয়াজোঁ অফিসার বরিস-এফ্রেম চৌমাভি বক্তব্য প্রদান করেন। জানাজা শেষে শহীদদের প্রতি যথাযথ রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হয়।
এ সময় প্রধান উপদেষ্টার পক্ষে তার সামরিক সচিব শহীদ শান্তিরক্ষীদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করেন। পরে ইউনিসফার চিফ কমিউনিটি লিয়াজোঁ অফিসার শহীদদের নিকট আত্মীয়দের কাছে জাতিসংঘ মহাসচিবের পক্ষ থেকে জাতিসংঘের পতাকা হস্তান্তর করেন।
জানাজা শেষে শহীদ শান্তিরক্ষীদের পরিবারের কাছে প্রধান উপদেষ্টার স্বাক্ষরিত পৃথক পৃথক শোকবার্তা হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসী ড্রোন হামলায় বাংলাদেশের ছয়জন শান্তিরক্ষী শহীদ হন। এই বর্বরোচিত হামলার ঘটনায় বাংলাদেশ সরকার ও জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তারা তীব্র নিন্দা জানিয়েছেন। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জাতিসংঘ সদর দপ্তরে একটি আনুষ্ঠানিক প্রতিবাদপত্র পাঠানো হয়েছে এবং ইউনিসফাসহ সব মিশন এলাকায় দ্রুত ড্রোন প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
ওই হামলায় শহীদ ছয়জনের পাশাপাশি আরও নয়জন শান্তিরক্ষী আহত হন। আহতদের মধ্যে আটজন কেনিয়ার রাজধানী নাইরোবিতে অবস্থিত আগা খান ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমানে তারা সবাই শঙ্কামুক্ত রয়েছেন।
















