২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনতে প্রশাসনকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে এন্টি ফ্যাসিস্ট স্কোয়াড।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে প্রশাসনকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে এন্টি ফ্যাসিস্ট স্কোয়াড। নির্ধারিত সময়ের মধ্যে দৃশ্যমান অগ্রগতি না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।
শনিবার (২০ ডিসেম্বর) চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এন্টি ফ্যাসিস্ট স্কোয়াডের উদ্যোগে শহীদ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এতে জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধা, ছাত্র-জনতা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন। গায়েবানা জানাজার ইমামতি করেন জুলাই গণঅভ্যুত্থানের শহীদ মাহবুবুল হকের ছোট ভাই মঞ্জু মাহিম।
জানাজা শেষে সমাবেশে এন্টি ফ্যাসিস্ট স্কোয়াডের মুখপাত্র রিদুয়ান হৃদয় বলেন, হাদির হত্যাকাণ্ডে দেশজুড়ে যে ক্ষোভ তৈরি হয়েছে, তা প্রমাণ করে এই হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। তিনি বলেন, হাদি জীবিত থাকাকালে যদি তার নিরাপত্তা নিশ্চিত করা হতো, তাহলে হয়তো আজ তাকে হারাতে হতো না। ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে ব্যর্থ হলে আরও বড় কর্মসূচি দেওয়া হবে।
সমাবেশে সংগঠনের অন্যতম সংগঠক রাকিবুল হাসান নওশাদ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেন, একজন রাজনৈতিক কর্মীর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতার দায় কোনোভাবেই এড়ানো যাবে না।
এ সময় আরও উপস্থিত ছিলেন এন্টি ফ্যাসিস্ট স্কোয়াডের সংগঠক রিয়াজুল আনোয়ার সিন্টু, আজাদ দোভাষ, সরওয়ার কামাল, টিপু সুলতান, এমদাদুল হক, নাঈমুর রহমান তানজিদ, সৈয়দ এহসানুল হক, নিজামুদ্দিন ও সাকিবসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
বক্তারা বলেন, শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ড শুধু একটি ব্যক্তিগত হত্যাকাণ্ড নয়; এটি রাজনৈতিক সহিংসতার একটি ভয়াবহ দৃষ্টান্ত। দ্রুত বিচার নিশ্চিত না হলে দেশে বিচারহীনতার সংস্কৃতি আরও গভীর হবে বলেও তারা সতর্ক করেন।
















