হাদির মৃত্যুর প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ, গভীর রাতে টাঙানো হলো নতুন নামের ব্যানার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘শহীদ ওসমান হাদি হল’ নামকরণ করেছেন শিক্ষার্থীরা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন হল সংসদের নেতারা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘শহীদ ওসমান হাদি হল’ ঘোষণা করেছেন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) গভীর রাতে হলের সামনে নতুন নামসংবলিত ব্যানার টাঙানো হয়। বিষয়টি রাতের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল শুরু করেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়–সংক্রান্ত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের গ্রুপে হলটির নাম পরিবর্তনের দাবি ওঠে, যেখানে ব্যাপক সমর্থন দেখা যায়।
মুজিব হল সংসদের সাধারণ সম্পাদক আহমেদ আল সাবাহ গণমাধ্যমকে জানান, হলের নাম পরিবর্তনের দাবিতে শিক্ষার্থীরা এর আগেও একাধিকবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছেন। তবে প্রশাসনিক জটিলতা ও প্রভাবশালী মহলের কারণে বিষয়টি বাস্তবায়ন হয়নি। তিনি বলেন, “হাদী ভাইয়ের মৃত্যু আমাদের ভেতরে গভীর অনুশোচনা ও দায়বোধ তৈরি করেছে। সেই দায়বোধ থেকেই আমরা হলটির নাম শহীদ শরিফ ওসমান হাদীর নামে ঘোষণা করেছি।”
হল সংসদের সহ-সাধারণ সম্পাদক মুশফিক তাজওয়ার মাহী বলেন, শিক্ষার্থীরা মনে করেন বিতর্কিত ব্যক্তির নামে আবাসিক হল রাখা অনুচিত। শিক্ষার্থীদের আবেগ ও অবস্থান থেকেই এই সিদ্ধান্ত এসেছে।
এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তনের দাবিও উঠতে দেখা যায়। তবে এসব বিষয়ে এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ ও প্রতিবাদী কর্মসূচি অব্যাহত রয়েছে।
















