ঢাকা মহানগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে বিকেল থেকে বাড়ানো হয়েছে পুলিশি তল্লাশি
ঢাকা মহানগরীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আজ থেকে চেকপোস্ট কার্যক্রম জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। নগরীর প্রবেশ ও বহির্গমনপথসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বিকেল থেকেই বাড়ানো হয়েছে তল্লাশি ও নজরদারি।
ঢাকা মহানগরীর নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় আজ বুধবার থেকে চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান। বুধবার বিকেল ৪টা থেকে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এসব চেকপোস্ট কার্যক্রম শুরু হয়েছে।
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় নিয়ে নগরজুড়ে বিশেষ নজরদারি জোরদার করা হয়েছে। চেকপোস্টগুলোতে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী জিজ্ঞাসাবাদও করা হচ্ছে।
রমনা বিভাগের বসিলা, লালবাগ বিভাগের বাবুবাজার, ওয়ারী বিভাগের পোস্তগোলা ব্রিজ, মাতুয়াইল ইউ-লুপ ও স্টাফ কোয়ার্টার, মতিঝিল বিভাগের বাসাবো রোড (কমলাপুর), মিরপুর বিভাগের গাবতলী, গুলশান বিভাগের ৩০০ ফিট এলাকা এবং উত্তরা বিভাগের আব্দুলাপুর ব্রিজ, কামারপাড়া ও ধৌড় ব্রিজসহ একাধিক গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানো হয়েছে।
ডিএমপি জানিয়েছে, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধ দমন ও প্রতিরোধে এ ধরনের তৎপরতা নিয়মিত অব্যাহত থাকবে। কোনো ধরনের সন্দেহজনক কার্যক্রম দেখলে সাধারণ জনগণকে পুলিশকে সহযোগিতা করারও আহ্বান জানানো হয়েছে।
















