ম্রাউক-ইউ জেনারেল হাসপাতালে বোমা বর্ষণ; নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা
আহত অন্তত ৬৮; আরাকান আর্মির নিয়ন্ত্রিত অঞ্চলে তীব্র লড়াইয়ের মাঝে ভয়াবহ হামলা।
মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক জান্তার বিমান হামলায় একটি হাসপাতাল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় ম্রাউক-ইউ জেনারেল হাসপাতালে চালানো এই হামলায় অন্তত ৩১ জন নিহত এবং আরও ৬৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন ঘটনাস্থলে থাকা ত্রাণকর্মীরা। আন্তর্জাতিক গণমাধ্যম এএফপি এ তথ্য নিশ্চিত করেছে।
ত্রাণকর্মী ওয়াই হুন অং বলেন, “পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। হাসপাতালের ভেতর ও বাইরে সারিবদ্ধ লাশ পড়ে আছে। নিহতের সংখ্যা আরও বাড়বে।”
রাতে হাসপাতালের চত্বরে সাদা কাপড়ে মোড়ানো মৃতদেহের সারি দেখা গেছে। তবে এ হামলা নিয়ে তাৎক্ষণিকভাবে মন্তব্য পাওয়া যায়নি সামরিক জান্তার মুখপাত্রের কাছ থেকে।
রাখাইন রাজ্যের অধিকাংশ অঞ্চল বর্তমানে আরাকান আর্মি (AA)–র নিয়ন্ত্রণে, যারা বহু বছর ধরে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন চালিয়ে আসছে। দেশজুড়ে বিদ্রোহীদের দখলমুক্ত করতে তীব্র অভিযান শুরু করেছে সামরিক জান্তা, যার ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় বাড়ছে বিমান হামলা ও গোলাবর্ষণ।
আরাকান আর্মির স্বাস্থ্য বিভাগ জানায়, রাত ৯টার দিকে হামলার সময় হাসপাতালে ভর্তি থাকা অন্তত ১০ জন রোগী ঘটনাস্থলেই প্রাণ হারান।
আন্তর্জাতিক মহলে আবারও মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ বেড়েছে।















