ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বাহিনী জানিয়েছে, হুথিরা লোহিত সাগরের বন্দরনগরী আল-মাখা ও মধ্যাঞ্চলের মারিবের আবাসিক এলাকায় নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সোমবারের এসব হামলায় হতাহতের বিষয়ে তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি।
এর একদিন আগে আল-মাখায় হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৭ জন নিহত ও ৩০ জন আহত হন। হামলায় শহরের বন্দর এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। একই সময়ে দক্ষিণ-মধ্যাঞ্চলীয় শাবওয়া প্রদেশে হুথিদের একটি ড্রোন হামলায় ইয়েমেন সরকারের দুই সেনা নিহত ও সাতজন আহত হয়েছেন বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে।
ইয়েমেনি বাহিনী জানিয়েছে, তারা পাল্টা হামলায় পূর্ব আল-জাওফ, উত্তর-পশ্চিম সাদা ও মধ্য মারিবের আল-তিবাস এলাকায় হুথিদের অবস্থান লক্ষ্য করেছে। পাল্টাপাল্টি হামলার ফলে কয়েক বছরের তুলনামূলক স্থিতাবস্থার পর ইয়েমেনের গৃহযুদ্ধ আবারও বড় ধরনের সংঘাতের দিকে এগোচ্ছে।
২০২২ সালের এপ্রিলের যুদ্ধবিরতির পর দেশটিতে বড় ধরনের লড়াই অনেকটা থেমে ছিল। কিন্তু ১৩ জুলাই সানা বিমানবন্দরের রানওয়েতে সৌদি বিমান হামলার পর পরিস্থিতি আবার উত্তপ্ত হয়। ওই হামলার পর হুথিরা দক্ষিণ-পশ্চিম সৌদির আবহা বিমানবন্দরে হামলা চালায় এবং লোহিত সাগরে সৌদি জাহাজ চলাচলের ওপর অবরোধ ঘোষণা করে।
পরবর্তীতে হুথিরা সৌদি জাহাজ ও তেল স্থাপনাতেও হামলা চালায়। জবাবে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের হুথি-নিয়ন্ত্রিত হোদেইদা ও কামারান এলাকায় হামলা চালিয়েছে এবং হুথিদের বিরুদ্ধে স্থল অভিযান জোরদারের জন্য ইয়েমেনি সরকারি বাহিনীর অবস্থান শক্তিশালী করেছে।
ইরানের সঙ্গে যুক্ত হুথিদের এই নতুন তৎপরতা ইয়েমেনের সংঘাতকে বৃহত্তর আঞ্চলিক সংকটের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করছে। ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর থেকেই ইয়েমেনে সংঘাত নতুন মাত্রা পেয়েছে। এর ফলে লোহিত সাগর ও সৌদি উপকূলীয় এলাকায় জাহাজ চলাচল এবং তেল সরবরাহের ওপরও বাড়তি ঝুঁকি তৈরি হয়েছে।
জাতিসংঘ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে। জাতিসংঘের ইয়েমেনবিষয়ক দূত হান্স গ্রুন্ডবার্গ সতর্ক করে বলেছেন, ২০২২ সালের যুদ্ধবিরতির পর যেকোনো সময়ের তুলনায় ইয়েমেনে আবার বড় আকারের সংঘাত শুরু হওয়ার ঝুঁকি এখন বেশি। তাঁর মতে, সংঘাত বাড়লে যুদ্ধবিরতির অর্জনগুলো নষ্ট হওয়ার পাশাপাশি ইয়েমেন আরও বড় আঞ্চলিক সংঘাতে জড়িয়ে পড়তে পারে, যার পরিণতি দেশটির মানুষের জন্য ভয়াবহ হবে।















