এএফসি বাছাইপর্বে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। দলের সঙ্গে যোগ দিতে ইংল্যান্ড থেকে সরাসরি ক্যাম্পে যোগ দিয়েছেন তারকা মিডফিল্ডার হামজা চৌধুরী। ঢাকায় পৌঁছেই তিনি ভারতের বিপক্ষে জয়ের ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন।

মূল বাছাইপর্বের আগে বাংলাদেশ দল নেপালের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে। হামজার আগমনে দলের অনুশীলন ক্যাম্পে বরাবরই বাড়তি উদ্দীপনা দেখা যায়। আজ (সোমবার) দলের কোনো অনুশীলন না থাকলেও, আগামীকাল থেকেই তিনি সতীর্থদের সঙ্গে অনুশীলনে নামবেন।

বাফুফের পাঠানো এক ভিডিও বার্তায় হামজা চৌধুরী বলেন, ‘এমন দারুণ অভ্যর্থনার জন্য ধন্যবাদ। ভারতের সঙ্গে আমাদের একটি বড় ম্যাচ আছে। তার আগে নেপালের সঙ্গেও একটি ম্যাচ খেলতে হবে। যদিও শেষ ম্যাচে আমরা পারিনি, কিন্তু আমাদের খেলায় উন্নতি হয়েছে। ইনশাআল্লাহ, ভারতের বিপক্ষে আমরা জিতব। দলের সবাই রোমাঞ্চিত এবং আমরা কঠোর পরিশ্রম করছি।’

এদিকে, প্রতিপক্ষ ভারত হওয়ায় এই ম্যাচকে ঘিরে সমর্থকদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উন্মাদনা। আজ দুপুর ২টায় ‘কুইকেট ডট মি’ ওয়েবসাইটে টিকিট বিক্রি শুরু হয়। বাফুফের কম্পিটিশন কমিটির ম্যানেজারের তথ্যমতে, অবিশ্বাস্যভাবে মাত্র তিন মিনিটের মধ্যেই ১৮ হাজার সাধারণ গ্যালারির টিকিট শেষ হয়ে যায়।















