সুদানের দীর্ঘস্থায়ী যুদ্ধ থেকে প্রাণ বাঁচিয়ে চাদে আশ্রয় নেওয়া হাজারো শরণার্থী এখন তীব্র পানিসংকটের মুখোমুখি। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, শরণার্থী শিবিরগুলোতে নিরাপদ পানির ঘাটতি দিন দিন বাড়ছে, ফলে খাদ্য, স্বাস্থ্যসেবা ও দৈনন্দিন জীবন আরও কঠিন হয়ে উঠেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, পূর্বাঞ্চলের একাধিক শরণার্থী শিবিরে কয়েকদিন ধরে পানির সরবরাহ বন্ধ থাকায় মানুষ একটি পানিবাহী গাড়ির জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন। সীমিত পরিমাণ পানি পৌঁছানোর পর তা সংগ্রহ করতে গিয়ে হুড়োহুড়ি ও বিশৃঙ্খলারও সৃষ্টি হচ্ছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, যুদ্ধ থেকে পালিয়ে আসা অনেক শরণার্থী পথেই সহিংসতা, স্বজন হারানো এবং চরম কষ্টের অভিজ্ঞতার মধ্য দিয়ে এসেছেন। আশ্রয়শিবিরে পৌঁছেও তারা নিরাপদ পানি, খাদ্য এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবার অভাবে নতুন সংকটে পড়েছেন।
মানবিক সহায়তা সংস্থাগুলোর মতে, শরণার্থীর সংখ্যা দ্রুত বাড়লেও প্রয়োজনীয় অর্থায়ন ও অবকাঠামো সেই হারে বৃদ্ধি পায়নি। ফলে নলকূপ, পানি সরবরাহ ব্যবস্থা, স্যানিটেশন এবং পানি পরিশোধন কার্যক্রমের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, চলমান যুদ্ধের কারণে প্রতিবেশী দেশে আশ্রয় নেওয়া শরণার্থীর সংখ্যা ক্রমাগত বাড়ছে। আন্তর্জাতিক সংস্থাগুলো সতর্ক করে বলছে, সংঘাত অব্যাহত থাকলে মানবিক সংকট আরও গভীর হবে এবং শরণার্থীদের নিজ দেশে নিরাপদে ফিরে যাওয়ার আশা ক্রমেই ক্ষীণ হয়ে পড়বে।
















