ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে শুভ সূচনা করেছে কলম্বিয়া। মেক্সিকো সিটির ঐতিহাসিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে একটি গোল করার পাশাপাশি আরেকটি গোলে সহায়তা করে জয়ের নায়ক হন লুইস দিয়াজ।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে কলম্বিয়া। তবে শৃঙ্খলাবদ্ধ রক্ষণভাগ নিয়ে দীর্ঘ সময় প্রতিরোধ গড়ে তোলে বিশ্বকাপে প্রথমবার অংশ নেওয়া উজবেকিস্তান। প্রথমার্ধের শেষ দিকে লুইস দিয়াজের নিখুঁত পাস থেকে ড্যানিয়েল মুনোজ গোল করে দলকে এগিয়ে দেন।
বিরতির পর আরও আত্মবিশ্বাসী হয়ে মাঠে নামে উজবেকিস্তান। ম্যাচের ৬০তম মিনিটে দেশের বিশ্বকাপ ইতিহাসের প্রথম গোলটি করেন আব্বোসবেক ফয়জুল্লায়েভ। গোলরক্ষকের হাত ফসকে বেরিয়ে আসা বল জালে পাঠিয়ে সমতায় ফেরান তিনি।
তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। পাঁচ মিনিট পরই দ্রুত আক্রমণে লুইস দিয়াজ প্রতিপক্ষের জালে বল পাঠিয়ে আবারও এগিয়ে দেন কলম্বিয়াকে। এরপর সমতায় ফেরার জন্য একাধিক আক্রমণ চালায় উজবেকিস্তান, কিন্তু সফল হতে পারেনি।
যোগ করা সময়ের নবম মিনিটে জামিন্তন কাম্পাজ গোল করে জয় নিশ্চিত করেন কলম্বিয়ার। পুরো ম্যাচে কলম্বিয়ার আক্রমণের ধার ও অভিজ্ঞতা স্পষ্টভাবে ফুটে ওঠে।
এই জয়ে গ্রুপ পর্বে শক্ত অবস্থান তৈরি করল কলম্বিয়া। অন্যদিকে হারলেও নিজেদের প্রথম বিশ্বকাপ ম্যাচে লড়াকু পারফরম্যান্স দেখিয়ে প্রশংসা কুড়িয়েছে উজবেকিস্তান।
















