হরমুজ সংকটে সমুদ্রপথ বাধাগ্রস্ত, বাড়ছে অর্থনৈতিক চাপ
পাকিস্তান-এর করাচি বন্দরে ইরানগামী প্রায় ৩,০০০ কনটেইনার আটকে আছে, যা আঞ্চলিক বাণিজ্য সংকটকে আরও গভীর করছে।
এই পণ্যবাহী জাহাজগুলো এখনো পৌঁছায়নি, কারণ স্ট্রেইট অব হরমুজ ঘিরে উত্তেজনা এবং যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের ফলে সমুদ্রপথ কার্যত অচল হয়ে পড়েছে।
বিশ্লেষকদের মতে, ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এই কৌশল সরাসরি বাণিজ্য বন্ধ করার জন্য নয়, বরং তা নিয়ন্ত্রণের মাধ্যমে ইরানের ওপর চাপ বাড়ানো।
এই পরিস্থিতিতে ইরান বিকল্প হিসেবে স্থলপথে পণ্য পরিবহনের সম্ভাবনা খতিয়ে দেখছে। পাকিস্তান ও ইরানের মধ্যে প্রায় ৯০০ কিলোমিটার সীমান্ত দিয়ে ট্রাকের মাধ্যমে কনটেইনার পরিবহনের আলোচনা চলছে।
প্রস্তাব অনুযায়ী, পাকিস্তানি ট্রাক সীমান্ত পর্যন্ত পণ্য নিয়ে যাবে, এরপর ইরানি পরিবহন ব্যবস্থা তা দেশের ভেতরে পৌঁছে দেবে। এমনকি দ্রুত সমাধানের জন্য ইরান অতিরিক্ত অর্থ প্রদান করতেও রাজি থাকতে পারে বলে জানা গেছে।
বিশেষজ্ঞরা বলছেন, এই সংকট শুধু রপ্তানি নয়, ইরানের আমদানিও মারাত্মকভাবে ব্যাহত করছে। খাদ্য ও জ্বালানি আমদানির ওপর নির্ভরশীলতা থাকায় সরবরাহ বিঘ্নিত হলে অর্থনীতি আরও চাপে পড়বে।
তবে একই সঙ্গে ইরান দীর্ঘদিনের নিষেধাজ্ঞা মোকাবিলার অভিজ্ঞতা থেকে বিকল্প ব্যবস্থা তৈরি করেছে। সমুদ্রপথের পাশাপাশি মধ্য এশিয়া ও ককেশাস হয়ে স্থলপথ ব্যবহার এবং সমুদ্রে ভাসমান ট্যাংকারে মজুদ তেল কিছু সময়ের জন্য দেশটির অর্থনীতিকে টিকিয়ে রাখতে পারে।
বিশ্লেষকদের মতে, এই সংকটে ইরানের সিদ্ধান্ত শুধু অর্থনৈতিক নয়, বরং কৌশলগত—যেখানে টিকে থাকাই প্রধান লক্ষ্য।
















