যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট দলের কংগ্রেস সদস্য শিলা চেরফিলাস-ম্যাককরমিক নির্বাচনী অর্থ ব্যবহারে অনিয়মের অভিযোগে পদত্যাগ করেছেন। তদন্তে তার বিরুদ্ধে ২০টির বেশি নৈতিকতা লঙ্ঘনের অভিযোগ উঠে এসেছে।
অভিযোগ রয়েছে, তিনি দুর্যোগ সহায়তার তহবিল থেকে অর্থ সরিয়ে নিজের নির্বাচনী প্রচারণায় ব্যবহার করেছেন এবং সেই অর্থ দিয়ে বিলাসবহুল জিনিসপত্রও কিনেছেন, যার মধ্যে একটি দামী হীরার আংটিও রয়েছে।
তবে এসব অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, এটি একটি রাজনৈতিক ষড়যন্ত্র এবং তিনি নিজের নাম পরিষ্কার করবেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি জানান, রাজনৈতিক নাটকে জড়ানোর চেয়ে সরে দাঁড়ানোই তিনি বেছে নিয়েছেন।
২০২২ সালে নির্বাচিত এই আইনপ্রণেতা কংগ্রেস থেকে বহিষ্কারের সম্ভাবনার মুখে ছিলেন। প্রতিনিধি পরিষদের নৈতিকতা কমিটি তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ার কথা জানায়।
তার পদত্যাগের আগে আরও দুই আইনপ্রণেতা— এরিক সোয়ালওয়েল এবং টনি গঞ্জালেস— একই ধরনের বিতর্কের মুখে পদত্যাগ করেন।
এদিকে মামলায় অভিযোগ করা হয়েছে, তিনি প্রায় ৫০ লাখ ডলারের দুর্যোগ সহায়তা তহবিল আত্মসাৎ করেছেন এবং তা ঘুরিয়ে নিজের প্রচারণায় ব্যবহার করেছেন।
এই মামলায় দোষী প্রমাণিত হলে তার সর্বোচ্চ ৫৩ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। বিচার কার্যক্রম ২০২৭ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়ার কথা রয়েছে।
মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন বলেন, তদন্তে গুরুতর তথ্য উঠে এসেছে এবং পরিস্থিতি তার জন্য কঠিন হয়ে পড়েছিল।
অন্যদিকে প্রতিনিধি পরিষদের শীর্ষ ডেমোক্র্যাট হাকিম জেফ্রিস মন্তব্য করেন, পদত্যাগের মাধ্যমে তিনি তার নির্বাচনী এলাকার মানুষের স্বার্থেই সঠিক সিদ্ধান্ত নিয়েছেন।
















