বাংলাদেশ ব্যাংক যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান বিজনেস কন্টিনিউটি ইনস্টিটিউটের করপোরেট সদস্যপদ অর্জন করেছে। এই প্রতিষ্ঠানটি বিশ্বজুড়ে ব্যবসা ধারাবাহিকতা ব্যবস্থাপনা, কার্যক্রমগত স্থিতিশীলতা এবং সংকট ব্যবস্থাপনার মান নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এই সদস্যপদ অর্জনকে কেন্দ্রীয় ব্যাংকের জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে ২০১৫ সালের বিদ্যমান ব্যবসা ধারাবাহিকতা পরিকল্পনার উন্নত সংস্করণ তৈরির লক্ষ্যে নেওয়া উদ্যোগের সঙ্গে এটি সরাসরি সম্পর্কিত। নতুন পরিকল্পনার মাধ্যমে আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে নিজেদের কাঠামো শক্তিশালী করতে চায় বাংলাদেশ ব্যাংক।
১৯৯৪ সালে প্রতিষ্ঠিত এই বৈশ্বিক প্রতিষ্ঠানটির সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের হাজারো পেশাজীবী যুক্ত রয়েছেন। সংগঠনটি কার্যক্রমগত স্থিতিশীলতা নিশ্চিত করার ক্ষেত্রে বিশ্বজুড়ে নির্ভরযোগ্য মানদণ্ড তৈরি করে থাকে।
এই সদস্যপদের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা সর্বশেষ নির্দেশনা, প্রশিক্ষণ, সনদ কর্মসূচি, সেমিনার এবং আন্তর্জাতিক জ্ঞান বিনিময়ের সুযোগ পাবেন। এতে প্রতিষ্ঠানটির দক্ষতা ও সক্ষমতা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।
কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, এই উদ্যোগের ফলে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং প্রাতিষ্ঠানিক দক্ষতা আরও শক্তিশালী হবে। পাশাপাশি দেশের সামগ্রিক আর্থিক ব্যবস্থার প্রতি জনআস্থাও বৃদ্ধি পাবে।
বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ বাংলাদেশ ব্যাংককে একটি আধুনিক ও ভবিষ্যত-প্রস্তুত প্রতিষ্ঠানে পরিণত করতে সহায়তা করবে, যা ভবিষ্যতের যেকোনো অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় আরও সক্ষম হবে।
















