মেক্সিকোর সোনোরা প্রদেশে এক ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ২৩ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে রয়েছে কয়েকজন শিশু। এ ঘটনায় আরও অন্তত ১১ জন আহত হয়েছেন বলে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
শনিবার দুপুরে হারমোসিলো শহরের কেন্দ্রস্থলে অবস্থিত ওয়াল্ডোস নামের একটি সুপারমার্কেটে ঘটে এই বিস্ফোরণ। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে চারদিকে, দোকানের জানালা-দরজা উড়ে যায়, বাতাস ভরে ওঠে ধোঁয়া আর চিৎকারে।
স্থানীয় নিরাপত্তা কর্তৃপক্ষ জানায়, এটি কোনো সন্ত্রাসী হামলা বা সহিংস ঘটনার অংশ নয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, দোকানের ভেতরেই কোনো প্রযুক্তিগত ত্রুটি বা দাহ্য পদার্থের সংস্পর্শে আগুনের সূত্রপাত হয়।
সোনোরার গভর্নর আলফোনসো দুরাজো এক ভিডিও বার্তায় বলেন, “এই ঘটনার শিকারদের মধ্যে অনেক শিশু রয়েছে। আহতদের হারমোসিলোর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।”
তিনি আরও জানান, “আমি একটি স্বচ্ছ ও পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছি। কারণ উদঘাটন না হওয়া পর্যন্ত কেউ শান্তিতে থাকতে পারবে না। আমরা এই শোকের সময় কারও একা থাকতে দেব না।”
ঘটনার পরপরই দমকল, নিরাপত্তা বাহিনী ও স্বাস্থ্যকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দুরাজো বলেন, “তাদের পেশাদারিত্ব ও ত্যাগের জন্য অনেক প্রাণ আজও বেঁচে আছে।”
দেশটির প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি গভীর শোক প্রকাশ করেন। তিনি বলেন, “আমি গভর্নর দুরাজোর সঙ্গে যোগাযোগ করেছি। স্বরাষ্ট্রমন্ত্রী রোসা ইসেলা রদ্রিগেজকে নির্দেশ দিয়েছি যেন দ্রুত সহায়তা দল পাঠানো হয় এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সর্বাত্মক সহায়তা দেওয়া হয়।”
স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, আগুনে ঝলসে যাওয়া সুপারমার্কেটের সামনের অংশ, ছিন্নভিন্ন কাঁচের জানালা, ছাই হয়ে যাওয়া দেয়াল। মেক্সিকোর দৈনিক ‘এল ইউনিভার্সাল’ জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ২টার দিকে বিস্ফোরণ ঘটে এবং আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় আশপাশের দোকানপাট দ্রুত বন্ধ করে দেওয়া হয়।
দুর্ভাগ্যের বিষয়, এই মর্মান্তিক ঘটনা ঘটেছে এমন এক সপ্তাহান্তে যখন সারা মেক্সিকো ‘ডে অব দ্য ডেড’ উৎসব উদযাপন করছিল—যেদিন মানুষ মৃত প্রিয়জনদের স্মরণ করে ভালোবাসা জানায়। কিন্তু হারমোসিলোর এই দিনটি এখন কেবলই এক অগ্নিদগ্ধ স্মৃতি, যেখানে উৎসবের মোমবাতির আলো নিভে গেছে মানুষের আর্তনাদে।
















