উগান্ডার রাজধানী কাম্পালায় একটি নার্সারি স্কুলে ভয়াবহ ছুরিকাঘাতের ঘটনায় চার শিশু নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে, তবে হামলার উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়।
পুলিশের তথ্যমতে, মাকিন্দিয়ে এলাকার একটি শিশু শিক্ষা প্রতিষ্ঠানে ৩৪ বছর বয়সী এক ব্যক্তি এই হামলা চালায়। নিহতদের মধ্যে এক কন্যাশিশু ও তিনজন ছেলেশিশু রয়েছে।
স্থানীয় সূত্র জানায়, হামলাকারী নিজেকে অভিভাবক পরিচয়ে স্কুলে প্রবেশ করে। প্রথমে তিনি অফিসে গিয়ে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির সঙ্গে কথা বলেন, পরে বাইরে গিয়ে গেট বন্ধ করে শিশুদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা শুরু করেন।
ঘটনার সময় আশপাশের একটি গির্জার নিরাপত্তারক্ষী তাকে থামাতে সক্ষম হয়। পরে পুলিশ তাকে আটক করে।
হামলার পর ঘটনাস্থলে শোকের ছায়া নেমে আসে। অনেক অভিভাবককে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। এদিকে উত্তেজিত জনতা সন্দেহভাজনকে আক্রমণ করার চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ আকাশে গুলি ছোড়ে।
পুলিশ জানিয়েছে, হামলার পেছনের কারণ এখনো তদন্তাধীন এবং বিস্তারিত জানার চেষ্টা চলছে।
প্রায় ৩০ লাখ মানুষের এই শহরে এ ধরনের ঘটনা খুবই বিরল বলে উল্লেখ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
















