মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে আরব সাগরে সাত দিনের যৌথ নৌ মহড়া সম্পন্ন করেছে চীন ও পাকিস্তান।
পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখার এক বিবৃতিতে জানানো হয়, ‘সি গার্ডিয়ান চার’ নামের এই মহড়ার উদ্দেশ্য ছিল দুই দেশের নৌবাহিনীর পারস্পরিক সমন্বয় ও সামুদ্রিক সহযোগিতা জোরদার করা।
মহড়াটি করাচিতে পাঁচ দিনের বন্দর পর্যায় দিয়ে শুরু হয়। এরপর উত্তর আরব সাগরে দুই দিনের সমুদ্র পর্যায়ে বিভিন্ন কৌশলগত কার্যক্রম পরিচালিত হয়।
সমুদ্র পর্যায়ে বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা অনুশীলন, পাকিস্তান নৌবাহিনীর সাবমেরিনের সঙ্গে অভিযান, প্রচলিত নৌযুদ্ধ কৌশল এবং সরাসরি গোলাবর্ষণের মহড়া চালানো হয়।
এছাড়া এই অনুশীলনের মাধ্যমে দুই দেশের নৌবাহিনীর কৌশলগত সমন্বয় এবং যৌথ অভিযান পরিচালনার সক্ষমতা আরও বাড়ানো হয়েছে বলে জানানো হয়।
মহড়ার শেষ দিনে আরব সাগরে সমন্বিত টহল পরিচালনা করা হয়, যা আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রতি দুই দেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
















