ভারতের অন্ধ্রপ্রদেশ অঙ্গরাজ্যে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষের পর আগুন ধরে যায়, এতে কমপক্ষে ২৫ জন নিহত ও বহু যাত্রী আহত হয়েছেন।
শুক্রবার ভোরে কুরনুল জেলার চিন্নাটেকুরু গ্রামের কাছে হাইওয়েতে চলার সময় দুর্ঘটনাটি ঘটে। পুলিশ কর্মকর্তা বিক্রান্ত পাতিল জানান, দ্রুত গতিতে চলা বাসটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা খেয়ে মুহূর্তের মধ্যেই আগুনে পুড়ে যায়। এসময় বাসে থাকা বহু যাত্রী ঘুমিয়ে ছিলেন।
পাতিল জানান, সংঘর্ষের পর মোটরসাইকেলটি বাসের নিচে আটকে যায় এবং কিছু দূর পর্যন্ত টেনে নিয়ে যাওয়ার সময় ঘর্ষণে আগুন ধরে যায়। এতে বাসের জ্বালানি ট্যাংক বিস্ফোরিত হয়ে পুরো গাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। “ড্রাইভার তা নেভানোর চেষ্টা করেছিলেন, কিন্তু আগুন এতটাই ভয়াবহ ছিল যে তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি,” বলেন তিনি।
অন্তত ১৮ জন যাত্রী জানালা ভেঙে পালাতে সক্ষম হন এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধারণা করা হচ্ছে, বাসে আরও যাত্রী ছিলেন যাদের এখনো শনাক্ত করা যায়নি।
বাসটি তেলেঙ্গানার হায়দরাবাদ শহর থেকে কর্ণাটকের বেঙ্গালুরু যাচ্ছিল। দুর্ঘটনার সময় বাসে ৪৪ জন যাত্রী ছিলেন। মোটরসাইকেল আরোহীও ঘটনাস্থলেই মারা যান।
ঘটনাস্থলে ফরেনসিক বিশেষজ্ঞদের একটি দল তদন্ত শুরু করেছে। বাসটির ভিতরের অংশ সম্পূর্ণ পুড়ে গেছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু নিহতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন।
এটি চলতি মাসে ভারতে দ্বিতীয় ভয়াবহ বাস দুর্ঘটনা। এর আগে রাজস্থানে শর্ট সার্কিট থেকে আগুন ধরে আরেকটি যাত্রীবাহী বাসে অন্তত ২০ জন প্রাণ হারান।
















