ইংল্যান্ড ও ওয়েলসের ক্যাথলিকদের নতুন নেতা আর্চবিশপ রিচার্ড মথ তার আনুষ্ঠানিক অভিষেক অনুষ্ঠানে স্বীকার করেছেন, গির্জা অতীতে গুরুতর ব্যর্থতার পরিচয় দিয়েছে, বিশেষ করে যখন দুর্বল ও অসহায় মানুষ নির্যাতনের শিকার হয়েছেন।
ওয়েস্টমিনস্টার ক্যাথেড্রালে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, গির্জাকে নির্যাতিতদের কথা মনোযোগ দিয়ে শুনতে হবে এবং তাদের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে হবে। তিনি শরণার্থীদের দুর্দশার কথাও তুলে ধরেন এবং মানব মর্যাদা রক্ষার আহ্বান জানান।
১২তম ওয়েস্টমিনস্টার আর্চবিশপ হিসেবে তিনি কার্ডিনাল ভিনসেন্ট নিকোলসের স্থলাভিষিক্ত হন। নিকোলস ১৬ বছর দায়িত্ব পালন শেষে গত ডিসেম্বর ৮০ বছর বয়সে পদত্যাগ করেন।
প্রতীকী আনুষ্ঠানিকতার অংশ হিসেবে আর্চবিশপ মথ ক্যাথেড্রালের প্রধান দরজায় নতজানু হন, এরপর পবিত্র জল ছিটিয়ে উপস্থিতদের আশীর্বাদ দেন। নতুন দায়িত্বে তিনি ইংল্যান্ড ও ওয়েলসের বিশপ সম্মেলনের সভাপতি হিসেবেও দায়িত্ব নেবেন এবং প্রায় ৪০ লাখ ক্যাথলিকের নেতৃত্ব দেবেন।
এর আগে তিনি এক দশক আরুন্ডেল ও ব্রাইটনের বিশপ হিসেবে দায়িত্ব পালন করেন। ভ্যাটিকান তাকে আনুষ্ঠানিকভাবে মনোনীত করার পর তিনি সামাজিক ন্যায়বিচার ও জবাবদিহিতার প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছিলেন।
দুই হাজারের বেশি ধর্মবিশ্বাসীর সামনে তিনি বলেন, গির্জার সুসমাচার প্রচারের কাজ গুরুত্বপূর্ণ হলেও তা ভঙ্গুর হয়ে পড়েছে এবং ভালোবাসা, ক্ষমতার ব্যবহার ও আত্মসংযমে ব্যর্থতার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি আরও বলেন, “গির্জা বা এর সদস্যরা যখন ব্যর্থ হয়েছে—বিশেষত যখন অসহায়রা নির্যাতিত হয়েছে—সেই প্রতিটি ঘটনার জন্য আমরা দায়ী।” তার মতে, নির্যাতিতদের বেদনাকে স্বীকার করে তাদের কাছ থেকে শিক্ষা নেওয়াই এখন সময়ের দাবি।
অনুষ্ঠানে ইংল্যান্ডের চার্চের নতুন আর্চবিশপ ডেম সারা মুলালিও উপস্থিত ছিলেন। তিনি রিচার্ড মথের নিয়োগকে স্বাগত জানিয়ে বলেন, মানব মর্যাদার প্রতি তার গভীর উদ্বেগ দুই গির্জার সম্পর্ক আরও দৃঢ় করবে।
















