মার্কিন প্রযুক্তি জায়ান্ট আমাজনের স্মার্ট ডোরবেল নির্মাতা প্রতিষ্ঠান রিং একটি নজরদারি সেবাদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করেছে। গোপনীয়তা ও ব্যক্তিগত তথ্য সুরক্ষা নিয়ে সমালোচনার মুখে পড়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত অক্টোবর মাসে রিং এবং ফ্লক সেফটি নামের একটি প্রতিষ্ঠানের মধ্যে চুক্তির ঘোষণা দেওয়া হয়েছিল। ফ্লক সেফটি যুক্তরাষ্ট্রজুড়ে ক্যামেরা ও গাড়ির নম্বরপ্লেট শনাক্তকারী যন্ত্রের নেটওয়ার্ক পরিচালনা করে, যা মূলত পুলিশ ও আইনপ্রয়োগকারী সংস্থাগুলো ব্যবহার করে থাকে।
চুক্তি অনুযায়ী, ফ্লকের সঙ্গে যুক্ত সংস্থাগুলো তদন্তের প্রয়োজনে এবং গ্রাহকের অনুমতি থাকলে রিং ডিভাইসে ধারণ করা ভিডিও সংগ্রহ করতে পারত। তবে রিং জানিয়েছে, এই অংশীদারিত্ব বাস্তবায়নে প্রত্যাশার চেয়ে অনেক বেশি সময় ও সম্পদ লাগত বলে তারা এগোচ্ছে না। তারা আরও দাবি করেছে, এই সমন্বয় কার্যক্রম কখনও চালু হয়নি এবং কোনো গ্রাহকের ভিডিও ফ্লক সেফটির কাছে পাঠানো হয়নি।
ফ্লক সেফটির এক মুখপাত্র জানিয়েছেন, চুক্তি বাতিলের সিদ্ধান্ত ছিল উভয় প্রতিষ্ঠানের পারস্পরিক সম্মতিতে।
সম্প্রতি একটি ক্রীড়া প্রতিযোগিতার বিরতিতে প্রচারিত রিংয়ের বিজ্ঞাপন নতুন করে বিতর্কের জন্ম দেয়। বিজ্ঞাপনে একটি নতুন বৈশিষ্ট্য দেখানো হয়, যেখানে প্রতিবেশীরা মিলে প্রযুক্তির সাহায্যে একটি হারিয়ে যাওয়া কুকুর খুঁজে পায়। সমালোচকরা এটিকে ভয়ংকর নজরদারির উদাহরণ হিসেবে আখ্যা দেন।
ম্যাসাচুসেটসের সিনেটর এড মার্কি রিংয়ের নজরদারি বৈশিষ্ট্য বন্ধের আহ্বান জানান এবং একে উদ্বেগজনক নজরদারি ব্যবস্থা বলে মন্তব্য করেন। একই সঙ্গে একটি নাগরিক অধিকার সংগঠন অভিযোগ তোলে, আবেগঘন উপস্থাপনার আড়ালে এমন প্রযুক্তির প্রচার করা হয়েছে যা ভবিষ্যতে মানুষ বা প্রাণী শনাক্ত ও অনুসরণে ব্যবহার হতে পারে।
সামাজিক মাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপ ছড়িয়ে পড়ে। প্রতিদ্বন্দ্বী একটি প্রতিষ্ঠান নিজেদের ভিডিও প্রকাশ করে বিজ্ঞাপনটির কৌতুকপূর্ণ সমালোচনা করে।
রিং অতীতে ব্যক্তিগত তথ্য সুরক্ষা নিয়ে সমালোচনার মুখে পড়েছিল। ২০১৮ সালে আমাজন প্রতিষ্ঠানটিকে অধিগ্রহণ করে। ফ্লক সেফটির ক্ষেত্রেও নজরদারি যন্ত্রের অপব্যবহার নিয়ে প্রশ্ন উঠেছে। কিছু আইনপ্রণেতা অভিযোগ করেছেন, তাদের প্রযুক্তি অভিবাসন দমন বা গর্ভপাতবিরোধী আইন প্রয়োগে ব্যবহৃত হতে পারে। যদিও ফ্লক এসব অভিযোগ অস্বীকার করেছে।
রিং জানিয়েছে, আইনগতভাবে বাধ্য হলে তারা আইনপ্রয়োগকারী সংস্থার অনুরোধে ভিডিও সরবরাহ করে থাকে। বছরে হাজার হাজার এমন অনুরোধ তারা পায় বলে পূর্বে জানানো হয়েছিল।
















