ধর্মকে ব্যবহার করে নারীদের অধিকার খর্ব করার চেষ্টার অভিযোগ বিএনপি মহাসচিবের
জামায়াতে ইসলামী দেশকে পেছনের দিকে নিয়ে যেতে চায় বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন যে, জামায়াতে ইসলামী বাংলাদেশকে আফগানিস্তানে পরিণত করতে চায়। সোমবার নিজ নির্বাচনী এলাকায় জনসংযোগকালে তিনি বলেন, জামায়াত এমন একটি দল যারা দেশকে উন্নয়নের পথে না নিয়ে বরং পেছনের দিকে ঠেলে দিতে চায়। তারা নারী-পুরুষের সমান অধিকারে বিশ্বাসী নয় এবং নারীদের ঘরের বাইরে কাজ করার বিরোধী।
মির্জা ফখরুল আরও অভিযোগ করেন, জামায়াত প্রচারণা চালাচ্ছে যে নারীদের পাঁচ ঘণ্টার বেশি কাজ করতে দেওয়া হবে না, যা গার্মেন্টস সেক্টরসহ কর্মজীবী নারীদের জন্য চরম অবমাননাকর। তিনি ভোটারদের সতর্ক করে বলেন, জামায়াত রাজনৈতিক ফায়দা লুটতে হিন্দু সম্প্রদায়কেও নানাভাবে হুমকি দিচ্ছে। তবে যেকোনো ভয়ভীতি উপেক্ষা করে সাধারণ মানুষকে নির্ভয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান তিনি।
বিএনপি মহাসচিব বলেন, আগামী ১২ই ফেব্রুয়ারির নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিএনপি একটি ন্যায়ভিত্তিক ও সুন্দর রাষ্ট্র গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি দাবি করেন, জামায়াতের আদর্শ ইসলামের প্রকৃত শিক্ষার বাইরে এবং তারা মানুষের অধিকার কেড়ে নিতে চায়। তাই দেশের মালিক হিসেবে ভোটারদের সঠিক সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে যাতে দেশ আবারও কোনো অন্ধকার যুগে নিমজ্জিত না হয়।
















