দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে তেজগাঁও সাতরাস্তা অচল
উপসহকারী প্রকৌশলী পদে বিএসসি নিয়োগ সুপারিশ প্রত্যাহারের দাবিতে আন্দোলন আরও কঠোর করার হুঁশিয়ারি
দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে রাজধানীর তেজগাঁও সাতরাস্তা এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট–এর শিক্ষার্থীরা। বুধবার রাত সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা হোস্টেল থেকে মিছিল নিয়ে সড়কে অবস্থান নিলে গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।
বিক্ষোভকারীরা জানান, উপসহকারী প্রকৌশলী পদে বিএসসি প্রকৌশলীদের নিয়োগের সুপারিশ প্রত্যাহার না করা হলে আন্দোলন আরও কঠোর করা হবে। তাদের অভিযোগ, এই সিদ্ধান্ত ডিপ্লোমা প্রকৌশলীদের দীর্ঘদিনের পদোন্নতি ও গ্রেডসংক্রান্ত দাবি উপেক্ষা করেছে।
এর আগে বিএসসি প্রকৌশলী ও ডিপ্লোমা প্রকৌশলীদের মধ্যে চলমান আন্দোলন ও দ্বন্দ্ব নিরসনে অন্তর্বর্তীকালীন সরকার একটি কমিটি গঠন করে। ওই কমিটি উপসহকারী প্রকৌশলী পদে বিএসসি প্রকৌশলীদের নিয়োগের সুপারিশ করে। সুপারিশ প্রকাশের পরপরই ডিপ্লোমা শিক্ষার্থী ও প্রকৌশলীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয়।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য নির্ধারিত পদে বিএসসি প্রকৌশলীদের নিয়োগ সুপারিশ বৈষম্যমূলক। তারা অবিলম্বে কমিটির সুপারিশ বাতিল এবং ডিপ্লোমা প্রকৌশলীদের ন্যায্য দশম গ্রেড বাস্তবায়নের দাবি জানান।
এ ঘটনায় মধ্যরাতে তেজগাঁও সাতরাস্তা এলাকায় দীর্ঘ সময় যান চলাচল ব্যাহত হয়, ভোগান্তিতে পড়েন পথচারী ও চালকরা।
















