রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জনের মৃত্যুর ঘটনায় রাসায়নিক গুদামের মালিক শাহ আলম ও ব্যবস্থাপকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। নিহত এক ব্যক্তির পরিবারের পক্ষ থেকে বুধবার রাতে পল্লবী থানায় মামলাটি করা হয় বলে জানিয়েছে পুলিশ। মামলায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ আনা হয়েছে।
পল্লবী অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) সালেহ মুহম্মদ জাকারিয়া জানান, ঘটনায় দায়ী দুজনকে শনাক্ত করা হলেও তারা এখনো পলাতক। পুলিশ তাদের গ্রেপ্তারের চেষ্টা করছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে মিরপুরের শিয়ালবাড়ির ৩ নম্বর রোডে আলম ট্রেডার্স নামের একটি রাসায়নিক গুদামে আগুন লাগে। অল্প সময়ের মধ্যেই আগুন বিস্ফোরিত হয়ে পাশের চারতলা ভবনে ছড়িয়ে পড়ে। ভবনটির দোতলায় স্মার্ট প্রিন্টিং নামে একটি পোশাক প্রিন্টিং কারখানা এবং তিন ও চারতলায় আর এন ফ্যাশন নামে পোশাক তৈরির কারখানা ছিল। আগুন নেভানোর পর ভবনের দোতলা ও তিনতলা থেকে মোট ১৬টি মৃতদেহ উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, আগুন লাগার পর সংস্থাটির ১২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় সাড়ে সাত ঘণ্টা চেষ্টার পর মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে ভবনের আগুন নিয়ন্ত্রণে আনে। তবে রাসায়নিক গুদামে জমে থাকা দাহ্য পদার্থের কারণে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে বুধবার দুপুর আড়াইটার দিকে, অর্থাৎ ঘটনার প্রায় ২৭ ঘণ্টা পর।
এদিকে ফায়ার সার্ভিস জানিয়েছে, রাসায়নিকের গুদামের ভেতরে প্রবেশ করে উদ্ধার অভিযান চালানো এখনো সম্ভব হয়নি, কারণ গুদামের অভ্যন্তরে এখনো ঝুঁকি রয়ে গেছে।

















