বৃহস্পতিবার থেকে উত্তর ও পশ্চিমাঞ্চলে নতুন করে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে
ঢাকাসহ দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে শৈত্যপ্রবাহ আবার বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার থেকে নতুন করে শৈত্যপ্রবাহ বিস্তারের সম্ভাবনা রয়েছে।
দেশে চলমান শৈত্যপ্রবাহ আপাতত কিছুটা কমলেও আবার বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। বুধবার সকাল পর্যন্ত দেশের মাত্র একটি জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, সেটি হলো পঞ্চগড়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার থেকে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে নতুন করে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। ঢাকাসহ আশপাশের এলাকাতেও শীতের তীব্রতা বাড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বুধবার সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন মঙ্গলবার একই এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। টানা সাত দিন ধরে তেঁতুলিয়াতেই দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হচ্ছে।
গত সোমবার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং রোববার ছিল ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। দীর্ঘ সময় ধরে চলা শৈত্যপ্রবাহের বিস্তার বুধবার এসে সবচেয়ে কম অঞ্চলে সীমিত হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, চলতি জানুয়ারি মাসের শুরুতে দেওয়া দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছিল, এ মাসে পাঁচটি শৈত্যপ্রবাহ আসতে পারে, যার মধ্যে একটি তীব্র শৈত্যপ্রবাহের সম্ভাবনাও রয়েছে। জানুয়ারির শুরু থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে শৈত্যপ্রবাহ চলমান থাকলেও গত চার দিনে এর তীব্রতা কিছুটা কমে আসে।
তবে আবহাওয়া অফিস সতর্ক করে জানিয়েছে, এই স্বস্তি সাময়িক হতে পারে এবং শিগগিরই আবার শীতের প্রকোপ বাড়তে পারে।
















