জাতীয় পার্টিসহ ১৪ দল ও এনডিএফের প্রার্থিতা বাতিলের দাবিতে স্মারকলিপি
নির্বাচন কমিশনের দিকে মিছিল ঠেকানো হলেও প্রতিনিধি দল ভেতরে ঢুকে দাবি পেশ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টিসহ ১৪ দল ও এনডিএফ জোটের প্রার্থীদের প্রার্থিতা বাতিলের দাবিতে ‘জুলাই ঐক্য’ নামের একটি মোর্চার ‘মার্চ টু ইলেকশন কমিশন’ কর্মসূচি পুলিশের বাধার মুখে পড়েছে।
মঙ্গলবার দুপুর ১টার দিকে জুলাই ঐক্যের একটি মিছিল নির্বাচন কমিশন অভিমুখে যাত্রা শুরু করলে রাজধানীর ইসলামিক ফাউন্ডেশনের সামনে পুলিশ তাদের আটকে দেয়। এ সময় আন্দোলনকারীরা জাতীয় পার্টির নির্বাচন বাতিলসহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং হাতে দাবি-সংবলিত প্ল্যাকার্ড বহন করেন।
পরে জুলাই ঐক্যের একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনের ভেতরে প্রবেশ করে স্মারকলিপি জমা দেয়। অন্য সদস্যরা ইসলামিক ফাউন্ডেশনের সামনেই অবস্থান নেন।
আন্দোলনকারীরা জানান, এই কর্মসূচির অংশ হিসেবে তারা আজ নির্বাচন কমিশন অভিমুখে মার্চ ও স্মারকলিপি প্রদান করেছে। আগামী ১৪ জানুয়ারি বিভাগীয় শহরগুলোতেও সংশ্লিষ্ট নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে একই ধরনের কর্মসূচি পালন করা হবে।
এদিকে কর্মসূচিকে ঘিরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সামনে আনসার, পুলিশ, র্যাব ও কোস্ট গার্ডসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। তারা জানিয়েছে, যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় নিরাপত্তা জোরদার রাখা হয়েছে।
















