বিজিবির অভিযানে মাটির নিচে লুকানো অস্ত্র জব্দ
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
বাংলাদেশের কুষ্টিয়া জেলার দৌলতপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার উপজেলার চরচিলমারীর আতারপাড়া মাঠে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় এসব অস্ত্র পাওয়া যায়।
কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭-বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্তে বিশেষ অস্থায়ী চেকপোস্টে তল্লাশির সময় গোয়েন্দা সূত্রে জানা যায়, চোরাচালানের মাধ্যমে অবৈধ অস্ত্র দেশে ঢোকার আশঙ্কা রয়েছে। পরে অভিযান চালিয়ে ২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এর আগে ১ জানুয়ারি একই ব্যাটালিয়নের সদস্যরা আরেকটি অভিযানে ২টি বিদেশি পিস্তল ও ৪টি ম্যাগাজিন জব্দ করেছিলেন। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি দৌলতপুর থানায় জমা দেওয়ার কার্যক্রম চলছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো পরিস্থিতি মোকাবেলায় সীমান্ত এলাকায় বিশেষ টহল, অতিরিক্ত চেকপোস্ট স্থাপন এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
















