মেলবোর্ন টেস্টের প্রথম ইনিংসে ইংল্যান্ডের দুর্দান্ত বোলিংয়ের মুখে পড়ে মাত্র ৪৫.২ ওভারে ১৫২ রানে অলআউট হয়েছে অস্ট্রেলিয়া। ঘরের মাঠে অ্যাশেজে এত কম ওভারে অস্ট্রেলিয়া গুটিয়ে যাওয়ার ঘটনা খুবই বিরল। এর আগে কেবল দুইবার এমনটি ঘটেছিল, দুটিই মেলবোর্নে, একটি ১৯০২ সালে এবং অন্যটি ২০১০ সালে।
স্টিভ স্মিথের নেতৃত্বাধীন দলটি শুরু থেকেই চাপে পড়ে যায়। মেলবোর্নের ঘাসযুক্ত উইকেটে অস্ট্রেলিয়ার বোলারদের জন্যও যে বড় পরীক্ষা অপেক্ষা করছে, তা বলার অপেক্ষা রাখে না। তবে প্রথম ইনিংসে মূল আলো কেড়ে নেন ইংল্যান্ডের পেসার জশ টাং।
এই ইংলিশ বোলার ৪৫ রান খরচায় তুলে নেন ৫টি গুরুত্বপূর্ণ উইকেট। তাঁর শিকার হন জ্যাক ওয়েদারাল্ড, মারনাস লাবুশেন, স্টিভ স্মিথ, মাইকেল নেসার ও স্কট বোল্যান্ড। স্মিথের বিপক্ষে টাংয়ের সাফল্য চোখে পড়ার মতো। এখন পর্যন্ত পেশাদার ক্রিকেটে স্মিথের বিপক্ষে পাঁচ ইনিংস বোলিং করে প্রতিবারই তাঁকে আউট করেছেন টাং। মেলবোর্ন টেস্টে ১৯৯৮ সালের পর এই প্রথম কোনো ইংলিশ বোলার এক ইনিংসে পাঁচ উইকেট নিলেন।
ইনিংসের শুরু থেকেই অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের ওপর চাপ তৈরি করেন ইংলিশ পেসাররা। দলীয় ২৭ রানে ট্রাভিস হেড (১২) ফিরে যান গাস অ্যাটকিনসনের বলে। এরপর ৩১ রানে ওয়েদারাল্ড এবং ৩৪ রানে লাবুশেনকে ফেরান টাং। লাবুশেন আজ আউট হন মাত্র ৬ রানে, টেস্ট ক্রিকেটে তাঁর সর্বশেষ সেঞ্চুরি এসেছিল ৩৭ ইনিংস আগে।
অধিনায়ক স্মিথও (৯) উইকেটে বেশিক্ষণ টিকতে পারেননি। ২০০০ সালের পর ঘরের মাঠে এটি ছিল দ্বিতীয়বার, যখন অস্ট্রেলিয়া লাঞ্চের আগেই চার উইকেট হারাল। এর আগে ২০১৬ সালে হোবার্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এমন পরিস্থিতিতে পড়েছিল দলটি।
ওপেনার থেকে মিডল অর্ডারে নামা উসমান খাজা করেন ২৯ রান। লাঞ্চের পর অ্যাটকিনসনের বলে তিনি আউট হন। ২০২৩-২৪ মৌসুম শুরুর পর থেকে ডানহাতি পেসারদের রাউন্ড দ্য উইকেট থেকে করা বলে এটি ছিল তাঁর ২০তম আউট। তবে এই ইনিংসেই টেস্ট ক্রিকেটে আট হাজার রানের মাইলফলক স্পর্শ করেন খাজা।
সিরিজে ধারাবাহিক পারফরম্যান্স করা অ্যালেক্স ক্যারি আজ থামেন ২০ রানে, বেন স্টোকসের বলে আউট হয়ে। একপর্যায়ে ৯১ রানে ৬ উইকেট হারিয়ে বিপাকে পড়ে অস্ট্রেলিয়া। তবে সপ্তম উইকেটে মাইকেল নেসার ও ক্যামেরন গ্রিন ৪৫ রানের একটি জুটি গড়ে কিছুটা প্রতিরোধ গড়েন। গ্রিন ১৭ রান করে ব্রাইডন কার্সের সরাসরি থ্রোতে রানআউট হন। নেসার করেন দলের সর্বোচ্চ ৩৫ রান।
সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ৪৫.২ ওভারে ১৫২ রান (নেসার ৩৫, খাজা ২৯; টাং ৫/৪৫, অ্যাটকিনসন ২/২৮)।
















