লা লিগায় আলাভেসের মাঠে নাটকীয় ম্যাচে কিলিয়ান এমবাপ্পে ও রদ্রিগো গোয়েসের গোলের সুবাদে ২-১ ব্যবধানে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। চোট কাটিয়ে ফেরা এমবাপ্পের এই গোলটি শুধু তিন পয়েন্টই এনে দেয়নি, বরং কোচ জাবি আলোনসোর ওপর বাড়তে থাকা চাপও অনেকটা কমিয়েছে।
এই জয়ে লিগের দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদ শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমিয়ে চার পয়েন্টে নামিয়ে এনেছে। সব প্রতিযোগিতা মিলিয়ে গত নয় ম্যাচে এটি ছিল মাদ্রিদের মাত্র তৃতীয় জয়। এর আগে চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির কাছে ঘরের মাঠে হারের পর স্প্যানিশ গণমাধ্যমে জোর আলোচনা চলছিল, এই ম্যাচে জয় না পেলে আলোনসোর চাকরি ঝুঁকিতে পড়তে পারে।
রোববার ম্যাচের ২৫তম মিনিটে জুড বেলিংহামের বাড়ানো বল থেকে দ্রুতগতিতে এগিয়ে গিয়ে দুর্দান্ত শটে গোল করেন এমবাপ্পে। হাঁটুর অস্বস্তির কারণে শুরুতে কিছুটা সমস্যায় থাকলেও গোল করার সময় তাকে পুরোপুরি সাবলীলই মনে হয়েছে। এটি ছিল চলতি মৌসুমে লিগে তার ১৭তম গোল।
দ্বিতীয়ার্ধে ৬৮তম মিনিটে কার্লোস ভিসেন্তে গোল করে আলাভেসকে সমতায় ফেরান। তিনি অ্যান্টোনিও ব্লাঙ্কোর চিপ করা পাস নিয়ন্ত্রণ করে রিয়ালের জালে বল পাঠান। কিছুক্ষণ পর আলাভেস এগিয়ে যাওয়ারও সুযোগ পেয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে তা কাজে লাগাতে পারেনি।
এরপর ম্যাচের ভাগ্য নির্ধারণ করেন রদ্রিগো। বাঁ দিক দিয়ে ভিনিসিয়ুস জুনিয়রের বাড়ানো ক্রসে কাছ থেকে গোল করে রিয়ালকে আবার এগিয়ে দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। টানা দুই ম্যাচে এটি ছিল রদ্রিগোর দ্বিতীয় গোল, আগের ৩২ ম্যাচে যেখানে তিনি গোলের দেখা পাননি। গুরুত্বপূর্ণ এই গোলে উচ্ছ্বসিত হয়ে উদযাপন করেন কোচ আলোনসো।
ম্যাচের শেষ দিকে ভিনিসিয়ুসের পেনাল্টির আবেদন নাকচ হয় এবং যোগ করা সময়ে বেলিংহামও ব্যবধান বাড়ানোর সুযোগ হাতছাড়া করেন। শেষ পর্যন্ত এক গোলের লিড ধরে রেখে গুরুত্বপূর্ণ জয় নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ।
এদিকে আবহাওয়াজনিত সতর্কতার কারণে ভিয়ারিয়ালের লেভান্তের বিপক্ষে ম্যাচটি স্থগিত করা হয়েছে। অন্যদিকে সেভিয়ার কাছে ৪-০ ব্যবধানে হারের পর ১৯তম স্থানে থাকা রিয়াল ওভিয়েদো তাদের কোচ লুইস কারিয়নকে বরখাস্ত করেছে। শনিবার ওসাসুনাকে ২-০ গোলে হারিয়ে টানা সপ্তম জয়ের মাধ্যমে শীতকালীন বিরতির আগে শীর্ষস্থান নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা।
















