জাতিসংঘের ঘাঁটিতে হামলায় আহত আরও ৮, সন্ত্রাসীদের সঙ্গে লড়াই চলমান
সুদানের আবেই এলাকায় জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন শান্তিরক্ষী নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও আটজন।
সুদানে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন শান্তিরক্ষী সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন। হামলায় আরও আটজন বাংলাদেশি শান্তিরক্ষী আহত হয়েছেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
শনিবার রাতে পাঠানো এক খুদে বার্তায় আইএসপিআর জানায়, সুদানের আবেই এলাকায় অবস্থিত জাতিসংঘের একটি ঘাঁটিতে সন্ত্রাসীরা আকস্মিক হামলা চালায়। হামলার পরপরই সন্ত্রাসীদের সঙ্গে শান্তিরক্ষীদের সংঘর্ষ শুরু হয়, যা এখনো চলমান রয়েছে।
আইএসপিআর জানায়, হামলার ধরন ও পরিস্থিতি বিবেচনায় ঘটনাস্থলে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং শান্তিরক্ষা মিশনের অন্যান্য ইউনিট সতর্ক অবস্থানে রয়েছে। আহত শান্তিরক্ষীদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে বার্তা সংস্থা এএফপি হাসপাতাল সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, সুদানের কোরদোফান এলাকায় জাতিসংঘের একটি ভবনে হামলায় ছয়জন নিহত হয়েছেন। এএফপির প্রতিবেদনে বলা হয়, প্রত্যক্ষদর্শীদের মতে ড্রোন ব্যবহার করে ওই ভবনে হামলা চালানো হয়েছে।
এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে সুদানের সরকার। এক বিবৃতিতে দেশটির সরকার হামলার জন্য সরকারবিরোধী আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-কে দায়ী করেছে।
বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। শান্তিরক্ষীদের ওপর এই হামলায় দেশে গভীর শোক ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।
















