ডিএমপি বলছে ভুয়া ফটোকার্ড ও এআই–তৈরি কনটেন্ট ছড়িয়ে বিভ্রান্তির অপচেষ্টা
পুলিশ কমিশনারের স্পষ্টতা—এমন মন্তব্য তিনি করেননি; হামলাকারীদের শনাক্ত, গ্রেপ্তারে তৎপরতা চলছে
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীরা ‘শিবিরের লোক’—ডিএমপি কমিশনারের বরাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী যে বক্তব্য দিয়েছেন, তা বোগাস ও ভুয়া বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
ডিএমপি কমিশনার বলেন, “আমি এমন কোনো বক্তব্য দিইনি। এটি বোগাস কথাবার্তা। এআই দিয়ে তৈরি একটি ছবি ও ভুয়া ফটোকার্ড ছড়িয়ে আমার নামে মিথ্যা তথ্য প্রচার করা হয়েছে।” তিনি জানান, বিষয়টি নিয়ে ইতোমধ্যে রিজয়েন্ডার (প্রতিবাদ) দেওয়া হয়েছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক বার্তায় বলা হয়, ওসমান হাদির ওপর ন্যক্কারজনক হামলা নিয়ে ডিএমপি কমিশনারকে উদ্ধৃত করে অসৎ উদ্দেশ্যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এ ধরনের গুজব ও মিথ্যা তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য জনসাধারণকে অনুরোধ জানানো হয়েছে।
ডিএমপি জানায়, হামলাকারীদের ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে পুলিশ সক্রিয়ভাবে তৎপর। একই সঙ্গে, সামাজিক যোগাযোগমাধ্যমসহ যেকোনো মাধ্যমে প্রাপ্ত তথ্য যাচাই–বাছাই করে গ্রহণ করার আহ্বান জানানো হয়। গুজব ছড়ানোর সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার কথাও জানায় পুলিশ।
প্রসঙ্গত, শনিবার (১৩ ডিসেম্বর) নয়াপল্টনে হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভের আগে এক সমাবেশে রুহুল কবির রিজভী পুলিশের বক্তব্য উদ্ধৃত করে মন্তব্য করেন, যা পরে ডিএমপি কমিশনার প্রত্যাখ্যান করেন।
















