হঠাৎ অ্যালার্ম বেজে ওঠায় ভবন খালি, কারণ নিশ্চিত করতে তদন্ত শুরু
সচিবালয়ের ১ নম্বর নতুন ভবনের ১০ তলায় ধোঁয়া দেখা গেলে ভবনজুড়ে ফায়ার হুইসেল বেজে ওঠে। আতঙ্কে কর্মকর্তা-কর্মচারীরা দ্রুত ভবন ত্যাগ করেন। আগুন নাকি অন্য কোনো ত্রুটি—তা এখনো নিশ্চিত করতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ঢাকার সচিবালয়ের নতুন ভবনে হঠাৎ ফায়ার হুইসেলের শব্দে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। রোববার (৩০ নভেম্বর) দুপুরে সচিবালয়ের ১ নম্বর ভবনের ১০ম তলায় ধোঁয়া দেখা গেলে ভবনজুড়ে অ্যালার্ম বেজে ওঠে, ফলে জনপ্রশাসন মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা দ্রুত ভবন ত্যাগ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, অ্যালার্ম বাজতে শুরু করলে অনেকেই প্রথমে এটিকে প্রযুক্তিগত ত্রুটি ভেবে গুরুত্ব না দিলেও কয়েক মিনিটের মধ্যেই ১০ তলার দিক থেকে দৃশ্যমান ধোঁয়া ওঠা শুরু হয়। পরিস্থিতি বুঝতে পেরে সবাই দ্রুত নিচে নেমে মাঠে নিরাপদ স্থানে অবস্থান নেন।
এক কর্মকর্তা রবিউল বলেন, “আমরা ভেবেছিলাম সিগারেটের ধোঁয়া হতে পারে। পরে দেখলাম বড় আকারে ধোঁয়া উঠছে। তাই তাড়াতাড়ি বের হয়ে যাই। এখনও পরিষ্কার নয় কী কারণে এটা হলো।”
ঘটনার পর ভবনটি সাময়িকভাবে খালি করা হয়। ধোঁয়া উঠার কারণ—অগ্নিকাণ্ড, বৈদ্যুতিক ত্রুটি নাকি অন্য কোনো উৎস—তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলো তদন্ত শুরু করেছে।
সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ প্রশাসনিক ভবনে এমন আকস্মিক জরুরি পরিস্থিতি সামনে আসায় নিরাপত্তা প্রটোকল ও ভবনের ফায়ার সেফটি প্রস্তুতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
















