ভারতের আদানি গ্রুপের সঙ্গে করা বিদ্যুৎ চুক্তি নিয়ে সরকারি তদন্ত প্রতিবেদন জমা না পাওয়া পর্যন্ত সিঙ্গাপুরে চলমান সালিশি কার্যক্রম স্থগিত করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বিষয়টি নিয়ে করা আবেদনের ওপর শুনানি শেষে বুধবার ১৯ নভেম্বর বিচারপতি মো. বজলুর রহমান এবং বিচারপতি উর্মি রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
এর আগে জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার এম আবদুল কাইয়ুম আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ চুক্তি পর্যালোচনা বা বাতিলের নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদন করেন। তিনি ৬ নভেম্বর পিডিবি চেয়ারম্যান এবং জ্বালানি সচিবকে তিন দিনের মধ্যে আদানির সঙ্গে করা একতরফা বিদ্যুৎ চুক্তি পর্যালোচনা বা বাতিলের জন্য আইনি নোটিশ পাঠান।
আবেদনকারী আইনজীবী জানান, তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার আগে যদি আদানি গ্রুপ সিঙ্গাপুরে পাওনা নিয়ে সালিশি কার্যক্রম শুরু করে, তাহলে তদন্তের গুরুত্ব নষ্ট হবে। তার দাবি, চুক্তিতে অসংখ্য অনিয়ম রয়েছে, তাই সালিশি স্থগিত করা প্রয়োজন।
গত বছরের ১৯ নভেম্বর হাইকোর্টের আরেকটি বেঞ্চ একই চুক্তি নিয়ে করা রিট আবেদনের পর রুল জারি করে এবং অন্তর্বর্তীকালীন নির্দেশনা দেয়। সেই নির্দেশনায় আদানি চুক্তির বিষয়ে তদন্তের জন্য তিন সদস্যের কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়।
















