শপথ নেওয়ার পর নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ প্রথমবারের মতো বঙ্গভবনে গিয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন। সকালে বঙ্গভবনে পৌঁছালে তাঁকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়।
বেলা ১১টার দিকে রাষ্ট্রপতি বঙ্গভবনের প্রধান ফটকে পৌঁছালে বাংলাদেশ পুলিশের একটি সুসজ্জিত অশ্বারোহী দল তাঁকে অভ্যর্থনা জানায়। এরপর রাষ্ট্রপতির নিরাপত্তার দায়িত্বে থাকা সেনাবাহিনীর একটি চৌকস দল তাঁকে আনুষ্ঠানিকভাবে অভিবাদন জানায়।
পরে বঙ্গভবনের প্রাঙ্গণে রাষ্ট্রপতি ও তাঁর পরিবারের সদস্যদের ফুল দিয়ে স্বাগত জানান রাষ্ট্রপতির সামরিক সচিব, জনবিভাগের সচিব, প্রেস সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রথম কার্যদিবসে রাষ্ট্রপতি তাঁর দাপ্তরিক কক্ষে অবস্থান করে প্রয়োজনীয় নথিপত্রে স্বাক্ষর করেন। পরে তিনি বঙ্গভবনের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
এর আগে গত বৃহস্পতিবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হন। পরদিন শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে তাঁর শপথ অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার তাঁকে রাষ্ট্রপতির শপথ পাঠ করান।
শপথের পরদিন তিনি জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর আজ বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করলেন নতুন রাষ্ট্রপতি।
















