রাষ্ট্রীয় মালিকানাধীন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সরকারের মিশ্র-বহর (মিক্সড-ফ্লিট) কৌশলের অংশ হিসেবে ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামী ৩১ আগস্টের মধ্যে এয়ারবাসের সঙ্গে চুক্তি স্বাক্ষরের পরিকল্পনা রয়েছে। এসব উড়োজাহাজ ২০৩১ সাল থেকে পর্যায়ক্রমে বিমানের বহরে যুক্ত হবে। দাম ও অন্যান্য শর্ত চুক্তি স্বাক্ষরের পর প্রকাশ করা হবে।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, এয়ারবাসের প্রস্তাবে চারটি এ৩৫০-৯০০ ওয়াইডবডি এবং ছয়টি এ৩২১নিও ন্যারোবডি উড়োজাহাজ রয়েছে। এ৩৫০-৯০০ দূরপাল্লার এবং এ৩২১নিও আঞ্চলিক, গালফ ও এশিয়ার মাঝারি দূরত্বের রুটে পরিচালনায় ব্যবহৃত হবে।
এর আগে বিমান যুক্তরাষ্ট্রের বোয়িং থেকে ১৪টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেয়। নতুন সিদ্ধান্ত বাস্তবায়িত হলে ভবিষ্যতে বিমানের বহরে বোয়িং ও এয়ারবাস—উভয় নির্মাতার উড়োজাহাজ থাকবে।
সরকারের লক্ষ্য ২০৩৪-৩৫ অর্থবছরের মধ্যে বিমানের বহর ৪৭টি উড়োজাহাজে উন্নীত করা। এ পরিকল্পনার মাধ্যমে জাতীয় পতাকাবাহী সংস্থাটিকে আধুনিকায়ন, আন্তর্জাতিক রুট সম্প্রসারণ এবং বাংলাদেশকে আঞ্চলিক যাত্রী ও কার্গো বিমান চলাচলের কেন্দ্রে পরিণত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এ বিষয়ে অ্যাভিয়েশন বিশেষজ্ঞ এটিএম নজরুল ইসলাম বলেন, মিশ্র-বহর কৌশল বাস্তবায়িত হলে রুটভিত্তিক উপযোগী উড়োজাহাজ ব্যবহারের সুযোগ বাড়বে, পরিচালনায় নমনীয়তা আসবে এবং দীর্ঘমেয়াদে বাণিজ্যিক দক্ষতা বৃদ্ধি পেতে পারে।
















