বাংলাদেশ বৈশ্বিক জলবায়ু অর্থায়ন, কার্বন বাজার এবং সবুজ বিনিয়োগে কৌশলগত অংশীদার হিসেবে নিজেদের অবস্থান শক্তিশালী করতে নতুন কূটনৈতিক উদ্যোগ জোরদার করেছে। এ লক্ষ্যে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে জাতিসংঘ পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) সাবেক নির্বাহী পরিচালক ও আন্তর্জাতিক জলবায়ু বিশেষজ্ঞ এরিক সোলহাইমের উচ্চপর্যায়ের বৈঠককে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
ঢাকায় অনুষ্ঠিত বৈঠকে আন্তর্জাতিক জলবায়ু প্রযুক্তি ও কার্বন অর্থনীতি প্রতিষ্ঠান প্রোক্লাইমের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ক্যাভিন কুমার কান্দাসামি এবং প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজও উপস্থিত ছিলেন। বৈঠকে বৈশ্বিক জলবায়ু অর্থায়ন, কার্বন বাজারে বাংলাদেশের অংশগ্রহণ এবং সবুজ বিনিয়োগ বাড়ানোর কৌশল নিয়ে আলোচনা হয়।
বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশ হলেও দুর্যোগ ব্যবস্থাপনা, জলবায়ু সহনশীলতা ও সবুজ উন্নয়নে বাংলাদেশের সাফল্য আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আগ্রহ বাড়িয়েছে। ফলে বাংলাদেশকে এখন শুধু সহায়তা গ্রহণকারী নয়, বরং সম্ভাবনাময় সবুজ বিনিয়োগ গন্তব্য হিসেবেও দেখা হচ্ছে।
বৈঠকে বনায়ন ও প্রকৃতিনির্ভর সমাধান, নবায়নযোগ্য জ্বালানি, বায়োচার প্রযুক্তি এবং কার্বন নিঃসরণ কমানোর উদ্যোগের মাধ্যমে আন্তর্জাতিক কার্বন বাজারে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করার বিষয়টি গুরুত্ব পায়। বিশ্লেষকদের ধারণা, কার্যকর নীতি ও আন্তর্জাতিক সহযোগিতা নিশ্চিত করা গেলে ভবিষ্যতে কার্বন ক্রেডিট বিক্রির মাধ্যমে বাংলাদেশ উল্লেখযোগ্য বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে।
সরকারের পক্ষ থেকে হুমায়ুন কবির জলবায়ু সহনশীল উন্নয়ন, প্রযুক্তি হস্তান্তর, বেসরকারি বিনিয়োগ এবং আন্তর্জাতিক অংশীদারিত্ব আরও সম্প্রসারণের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ বাংলাদেশের সবুজ শিল্পায়ন, নবায়নযোগ্য জ্বালানি খাত এবং বৈশ্বিক জলবায়ু কূটনীতিতে ভূমিকা আরও শক্তিশালী করবে।
















