কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং সেমিকন্ডাক্টর শিল্পে বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে থাকতে প্রায় ১ ট্রিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ পরিকল্পনা ঘোষণা করেছে দক্ষিণ কোরিয়া। প্রেসিডেন্ট লি জে-মিয়ংয়ের সরকার ‘থ্রি মেগা প্রজেক্টস’ নামে এই উদ্যোগের মাধ্যমে নতুন চিপ উৎপাদন কেন্দ্র, এআই ডেটা সেন্টার এবং রোবোটিক্স অবকাঠামো গড়ে তুলতে চায়।
সোমবার ঘোষিত পরিকল্পনা অনুযায়ী, স্যামসাং ও এসকে হাইনিক্সের নেতৃত্বে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি বৃহৎ সেমিকন্ডাক্টর উৎপাদন কেন্দ্র স্থাপন করা হবে। একই সঙ্গে রাজধানী সিউলের বাইরে একাধিক এআই অবকাঠামো কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হবে, যাতে শিল্প ও বিনিয়োগের কেন্দ্রীকরণ কমিয়ে আঞ্চলিক অর্থনীতিকে শক্তিশালী করা যায়।
প্রেসিডেন্ট লি বলেন, এআই যুগে প্রতিযোগিতায় টিকে থাকতে সেমিকন্ডাক্টর, ফিজিক্যাল এআই এবং এআই ডেটা সেন্টার—এই তিনটি খাতই দেশের ভবিষ্যৎ প্রবৃদ্ধির মূল ভিত্তি। তাঁর মতে, গ্রামীণ অঞ্চলের অর্থনৈতিক স্থবিরতা দূর করে টেকসই ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি নিশ্চিত করাও এই পরিকল্পনার অন্যতম লক্ষ্য।
বিশ্বজুড়ে এআই প্রযুক্তির দ্রুত বিস্তারের কারণে সেমিকন্ডাক্টরের চাহিদা বাড়ছে। তাই তাইওয়ান, চীন ও জাপানের মতো দেশগুলোও চিপ উৎপাদনে বড় অঙ্কের বিনিয়োগ করছে। একই সময়ে গুগল, অ্যামাজন ও মেটাসহ যুক্তরাষ্ট্রের বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো চলতি বছর এআই অবকাঠামোতে প্রায় ৬৫০ বিলিয়ন ডলার ব্যয়ের পরিকল্পনা করেছে।
তবে বিশ্লেষকদের একাংশের মতে, এআই খাতে বিপুল বিনিয়োগ ভবিষ্যতে প্রত্যাশিত মুনাফা দেবে কি না, তা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা উদ্বেগ রয়েছে। সাম্প্রতিক সময়ে প্রযুক্তি খাতের কয়েকটি শেয়ারের দরপতন সেই অনিশ্চয়তারই ইঙ্গিত দিচ্ছে।
















