বিশ্বের অন্যতম জনপ্রিয় ভিডিও গেম গ্র্যান্ড থেফট অটো ৬ (GTA 6)-এর প্রি-অর্ডার শুরু হওয়ার পর নতুন একটি সিদ্ধান্ত গেমারদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ডেভেলপার রকস্টার গেমস জানিয়েছে, ‘ফিজিক্যাল এডিশন’ কিনলেও বক্সের ভেতরে কোনো গেম ডিস্ক থাকবে না; থাকবে শুধু একটি ডিজিটাল ডাউনলোড কোড।
অনেক গেমারের মতে, ডিস্ক সংস্করণের অন্যতম সুবিধা ছিল গেমটি অন্যকে ধার দেওয়া, পুনরায় বিক্রি করা কিংবা সংগ্রহে রাখা। কিন্তু একবার কোড ব্যবহার হয়ে গেলে সেটি আর অন্য কেউ ব্যবহার করতে পারবেন না। ফলে গেমের মালিকানা ও পুনর্বিক্রয়ের সুযোগ আরও সীমিত হয়ে যাচ্ছে।
বিশ্লেষকদের মতে, বর্তমানে ভিডিও গেম বিক্রির বড় অংশই ডিজিটাল মাধ্যমে হচ্ছে। ডিস্কবিহীন প্লেস্টেশন ৫ ও এক্সবক্স সিরিজ কনসোলের জনপ্রিয়তা বাড়ায় প্রকাশকরাও ধীরে ধীরে ডিজিটাল বিতরণের দিকে ঝুঁকছেন। তবে সমালোচকদের আশঙ্কা, এতে খেলোয়াড়রা স্থায়ীভাবে গেমের মালিক না হয়ে কেবল ব্যবহারের লাইসেন্স পাচ্ছেন, যা ভবিষ্যতে গেম সংরক্ষণ ও ব্যবহার নিয়ে নতুন প্রশ্ন তৈরি করতে পারে।
রকস্টার এ সিদ্ধান্তের আনুষ্ঠানিক ব্যাখ্যা না দিলেও বিশেষজ্ঞদের ধারণা, গেমের তথ্য আগেভাগে ফাঁস ঠেকানো, সর্বশেষ সংস্করণ নিশ্চিত করা এবং বিতরণ প্রক্রিয়া সহজ করাই এর উদ্দেশ্য হতে পারে। একই সঙ্গে এটি প্রকাশকের জন্য আর্থিকভাবেও বেশি লাভজনক হতে পারে বলে মনে করা হচ্ছে।
এদিকে কয়েকটি স্বাধীন গেম বিক্রেতা ডিস্কবিহীন ‘ফিজিক্যাল’ সংস্করণ বিক্রি না করার ঘোষণা দিয়েছে। তাদের দাবি, প্রকৃত ফিজিক্যাল কপি বিলুপ্ত হলে গেম সংগ্রহের ঐতিহ্য, মধ্যরাতের লঞ্চ অনুষ্ঠান এবং ডিস্কভিত্তিক গেম মালিকানার সংস্কৃতিও ধীরে ধীরে হারিয়ে যেতে পারে।
















