সুদানের উত্তর কর্দোফান অঞ্চলের গুরুত্বপূর্ণ শহর এল-ওবেইদকে ঘিরে ফেলেছে আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) ও তাদের মিত্ররা। এ পরিস্থিতিতে সম্ভাব্য ‘গণহত্যা’ ও ব্যাপক বেসামরিক হতাহতের আশঙ্কা প্রকাশ করে গভীর উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র।
মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, আরএসএফ শহরটির চারপাশে ব্যাপক সেনা সমাবেশ করছে। তারা সতর্ক করে বলেছে, এল-ওবেইদের ওপর বড় ধরনের হামলা চালানো হলে ইতোমধ্যেই ভয়াবহ মানবিক সংকটে থাকা সুদানে পরিস্থিতি আরও বিপর্যয়কর হয়ে উঠতে পারে।
যুক্তরাষ্ট্র উভয় পক্ষকে আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার আহ্বান জানিয়ে বলেছে, বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে হবে এবং মানবিক সহায়তা পৌঁছানোর পথে কোনো বাধা সৃষ্টি করা যাবে না। একই সঙ্গে সংঘাতের রাজনৈতিক ও আলোচনাভিত্তিক সমাধানের ওপর জোর দেওয়া হয়েছে।
২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে চলমান সংঘাতে হাজার হাজার মানুষ নিহত এবং লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছে। জাতিসংঘের মতে, এটি বর্তমানে বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক সংকটগুলোর একটি।
জাতিসংঘ ইতোমধ্যে সতর্ক করেছে যে এল-ওবেইদে সম্ভাব্য হামলা ২০২৫ সালে এল-ফাশেরে সংঘটিত সহিংসতার পুনরাবৃত্তি ঘটাতে পারে, যার মধ্যে ‘গণহত্যার লক্ষণ’ ছিল বলে আন্তর্জাতিক সংস্থাগুলো উল্লেখ করেছে।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের তথ্য অনুযায়ী, এল-ওবেইদ ও আশপাশের এলাকায় প্রায় পাঁচ লাখ বেসামরিক মানুষ ঝুঁকির মধ্যে রয়েছে। গত ১০ দিনে ড্রোন হামলায় অন্তত ৫০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলেও জানানো হয়েছে।
ওয়াশিংটন বলেছে, সুদানের জনগণ দীর্ঘদিন ধরে এই যুদ্ধের সবচেয়ে বড় মূল্য দিচ্ছে। তাই সংঘাতরত পক্ষগুলোর উচিত অবিলম্বে সহিংসতা কমানো, মানবিক সহায়তার পথ উন্মুক্ত রাখা এবং নতুন কোনো নৃশংসতা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়া।
















