মাদারীপুরে বিশেষ অভিযানে সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাসহ ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২০ জুন) রাত ও রোববার (২১ জুন) ভোরে তাদের সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের মধ্যে মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইস্রাফিল ফরাজী, ঘটমাঝি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর জমাদ্দারও রয়েছেন।
মাদারীপুর সদর মডেল থানার ওসি আবুল কালাম আজাদ জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সদর উপজেলার বিভিন্ন এলাকায় নাশকতা করতে পারে এমন অভিযোগে বিশেষ অভিযান চালায় থানা পুলিশ। এরই অংশ হিসেবে দুটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে মাদারীপুর আদালতে পাঠানো হয়েছে।
















