দক্ষিণ সুদান-এর রাজধানী জুবার উপকণ্ঠে একটি ছোট যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে আরোহী ১৪ জনের সবাই নিহত হয়েছেন।
দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খারাপ আবহাওয়া ও কম দৃশ্যমানতার কারণে দুর্ঘটনাটি ঘটেছে।
বিধ্বস্ত বিমানটি ছিল সেসনা ২০৮ কারাভান, যা সিটিলিংক এভিয়েশন পরিচালনা করছিল। এটি ইয়েই থেকে জুবা আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করেছিল, তবে মাঝপথে নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
বিমানে থাকা যাত্রীদের মধ্যে দুইজন কেনিয়ার নাগরিক ছিলেন, বাকি সবাই দক্ষিণ সুদানের নাগরিক।
দুর্ঘটনার পর উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে এবং জরুরি সহায়তা কার্যক্রম চালাচ্ছে।
ঘটনাস্থলের ভিডিওতে দেখা গেছে, জুবা থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে ধ্বংসাবশেষে আগুন জ্বলছিল।
কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে।
















