কলম্বিয়া-এর দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি মহাসড়কে ভয়াবহ বোমা বিস্ফোরণে অন্তত ২০ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের মধ্যে ১৫ জন নারী ও পাঁচজন পুরুষ রয়েছেন।
কাউকা অঞ্চলের গভর্নর অক্টাভিও গুজমান জানিয়েছেন, এই হামলায় আরও অন্তত ৩৬ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের মধ্যে কয়েকজন শিশু থাকলেও তারা বর্তমানে বিপদমুক্ত বলে জানা গেছে।
বিস্ফোরণটি পান-আমেরিকান মহাসড়কের একটি সুড়ঙ্গের কাছে ঘটে। স্থানীয় গণমাধ্যমের কিছু প্রতিবেদনে মৃতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে উল্লেখ করা হয়েছে।
হামলার পর ঘটনাস্থলের কাছাকাছি একটি গ্রামে শত শত মানুষ নিহতদের স্মরণে শোকসভা পালন করেন। তারা সাদা পোশাক পরে শান্তির প্রতীক হিসেবে সাদা পতাকা ও বেলুন বহন করেন এবং সহিংসতা বন্ধের আহ্বান জানান।
দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো এই হামলার জন্য একটি মাদক-সন্ত্রাসী গোষ্ঠীকে দায়ী করেছেন। তিনি জানিয়েছেন, সাবেক ফার্ক সদস্য নেস্তর ভেরা, যিনি ইভান মর্দিস্কো নামে পরিচিত, তার নেতৃত্বাধীন একটি গোষ্ঠী এই হামলার সঙ্গে জড়িত।
ফার্ক সংগঠনটি ২০১৬ সালে সরকারের সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষর করলেও কিছু ভিন্নমতাবলম্বী সদস্য এখনো সহিংস কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
আসন্ন জাতীয় নির্বাচনের আগে এই হামলা দেশটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। বিশ্লেষকদের মতে, নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা এখন সবচেয়ে বড় ইস্যু হয়ে উঠেছে।
















